দিরাই প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২০ ১২:৫৪

দিরাইয়ে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটি, সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নূর আলম (৫০) নামে ১ জন নিহত হয়েছে এবং এতে উভয়পক্ষের আহত হয়েছে আরও অর্ধশত ব্যক্তি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯ টায় দিকে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নূর আলম উপজেলার ভাটিপাড়া কামালপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারফুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিলহক মিয়া ও আব্দুল মুকিতের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ, হামলা ও মামলা চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার সকালে মধুরাপুর গ্রামের শাহ জালাল বাজারে মুকিত চৌধুরীর পক্ষের নুর মোহাম্মদ মাছ ক্রয় করতে গেলে দিলহক মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

পরে দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে দিলহক গ্রুপের দেশীয় অস্ত্রের আঘাতে নুরুজ্জামান গ্রুপের নূর আলম ঘটনাস্থলে নিহত হয়। সংঘর্ষে দুই পক্ষের আহত হয় আরও ৫০ জন। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশারফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে পুলিশ। থানায় কেউ এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।

আপনার মন্তব্য

আলোচিত