১৩ অক্টোবর, ২০২০ ১৬:৫৭
করোনাভাইরাস সংক্রমণরোধে মাস্ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মো. তৈয়ব আলী।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল।
প্রধান অতিথি আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বার্তা প্রচারসহ সকল বিষয়ে জনসাধারণকে সচেতন করতে প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে গণযোগাযোগ অধিদপ্তর।
তিনি বলেন, সচেতনতার বিকল্প নেই, তাই কর্মশালায় অর্জিত জ্ঞান ও আহরিত বার্তা সমূহ সর্বস্তরের জনতার নিকট পৌঁছাতে পারলেই সফল হবে এই কর্মশালায় আয়োজন। শিশুর পানিতে ডোবা প্রতিরোধে সকল অভিভাবকদেরকে সর্বদা সচেতন থাকার পরামর্শ প্রদান করে তিনি বলেন, কোমলমতি এসব শিশুরা যাতে অকালে ঝরে না যায় সেদিকে খেয়াল রাখা প্রত্যেক অভিভাবকদের দায়িত্ব।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন। আয়োজনের সার্থকতা তখনই আসবে যখন এই এলাকার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, জন্ম নিবন্ধন, ডেঙ্গু প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, করোনাভাইরাস সংক্রমণ রোধ, শিশুর পানিতে ডোবা প্রতিরোধসহ সকল বিষয়ে সচেতনতা অর্জন করতে পারবে।
তিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে এ সকল বার্তা বেশি করে প্রচার করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
কর্মশালায় মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে বক্তব্য উপস্থাপন করেন মো. আনহার মিয়া- চেয়ারম্যান ২নং বোয়ালজুর ইউপি, মো. আমিরুল ইসলাম মধু- চেয়ারম্যান ৪নং পশ্চিম গৌরীপুর ইউপি, বাসনা বেগম- সহকারী শিক্ষক চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয় প্রমুখ।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন রাখেন।
সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, এনজিওকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠনের সদস্য এবং সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য