১৪ অক্টোবর, ২০২০ ০২:১৬
নির্যাতনের মাধ্যমে রায়হানকে হত্যার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করার পর সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে নতুন ৭ পুলিশ সদস্যকে পদায়ন করা হয়েছে।
কতোয়ালি থানা থেকে এএসআই ঝন্টু কুমার দেবনাথ, কনস্টেবল বদরুল হোসেন, সুজল মিয়া, বিমানবন্দর থানা থেকে এএসআই মাসুক উদ্দিন, কনস্টেবল মো. জসিম উদ্দিন, লঅমাবাজার ফাঁড়ি থেকে কনস্টেবল নারায়ন চন্দ ও শাহজালাল (র.) মাজার তদন্ত কেন্দ্র থেকে কনস্টেবল আলী হোসেনকে বন্দর বাজার ফাঁড়িতে পদায়ন করা হয়।
মঙ্গলবার দুই এএসআইসহ এই ৭ জনকে পদায়ন করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার। মঙ্গলবারই তারা ফাঁড়িতে যোগ দিয়েছেন।
জ্যোতির্ময় জানান, সোমবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ৭ জনকে বরখাস্ত ও প্রত্যাহার করা হয়। তাদের যায়গায় নতুন ৭ জনকে এই ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। তবে এখনো নতুন কাউকে ইনচার্জের দায়িত্ব দেয়া হয়নি। বর্তমানে সেকেন্ড ইনচার্জ এএসআই হাসান এই দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ফাঁড়িতে ধরে এনে নির্যাতনের মাধ্যমে রায়হান উদ্দিন নামের যুবককে হত্যার ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।
রোববার ভোরে মারা যান নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান উদ্দিন (৩৩)।
আপনার মন্তব্য