১৮ অক্টোবর, ২০২০ ১৫:৪১
সিলেটের কানাইঘাটে গাছ কাটার সময় গাছের ডালের আঘাতে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ৫নং বড়চতুল ইউপির হারাতৈল মাঝবড়াই গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোর আসাদ উদ্দিন (১৫) একই ইউপির কাদির গ্রামের নিজাম উদ্দিনের পুত্র।
কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদ গাছ কাটার শ্রমিক হিসাবে দিন মজুরের কাজ করতো। রোববার সে গ্রামের আব্দুর রহমানের বাড়িতে গাছ কাটতে গেলে সেই গাছেরই ডালের আঘাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই ময়নুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাছের উপর থেকে নিহত আসাদের মৃতদেহ নামিয়ে আনে। পরে আসাদ উদ্দিনের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী জানান, কিশোর আসাদ উদ্দিন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। সে কাঠুরিয়ার কাজ করতো। প্রতিদিন অন্যের বাড়িতে গিয়ে গাছ কেটে যে মজুরী পায় তা দিয়ে তার সংসার চলে। নিহত কিশোর আসাদের পরিবারের লোকজন অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে ময়না তদন্ত ছাড়াই নিহত আসাদের দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে নিহত আসাদের পরিবারে শোকের মাতম চলছে।
আপনার মন্তব্য