নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৫ ১৬:২৩

‘মাইন্ডসেট বদলান, কেবল ঠিকাদারি করলে হবে না’

ফেডারেশন অব চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, সিলেটের ব্যবসায়ীদের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তারা এখনো ঠিকাদারী ব্যবসা ও আমদানি-রফতানি নিয়েই আছেন। আর আছে ইংল্যান্ডের পয়সা। কিন্তু পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। ইউরোপের অর্থনীতিতেও ধ্বস নেমেছে। সিলেটের ব্যবসায়ীদের এই পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। শিল্প কারখানা গড়ে তুলতে হবে।

রবিবার সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এফবিসিসিআই সভাপতি। এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল ভারতের শিলংয়ে অনুষ্ঠিতব্য নর্থ-ইস্ট কানেকটিভি সামিট-২০১৫ তে যোগদান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৬ ও ১৭ নভেম্বর শিলংয়ে এ সামিট অনুষ্ঠিত হবে।

ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং নৌ, রেলওয়ে ও সড়ক পরিবহনের উন্নয়নের লক্ষ্যে এ সামিটের আয়োজন করা হয়েছে বলে জানান আব্দুল মাতলুব।

আব্দুল মাতলুব বলেন, ভারত এখন বুঝতে পেরেছে বাংলাদেশের সাহায্য ছাড়া তাদের উত্তরপূর্বাঞ্চলীয় ৭ টি রাজ্যের উন্নয়ন করতে পারবে না। তাই তারা আঞ্চলিক সংযোগ স্থাপনে উদ্যোগী হয়েছে। এই সামিটে সিলেটের সীমান্ত দিয়ে ভারতের ৭ টি রাজ্যে পণ্য রফতানির পথ সুগম করার ব্যাপারে আলোচনা হবে বলে জানান তিনি। এছাড়া সিলেটে ভারতীয় হাই কমিশনের শাখা স্থাপনের বিষয়টিও আলোচিত হবে।

এফবিসিসিআই সভাপতি জানান, গৌহাটিতে খুব শিগগিরই বাংলাদেশ দূতাবাসের একটি শাখা চালু হবে। এতে এই অঞ্চলের সাথে আরো সংযোগ স্থাপন হবে। এছাড়া বাংলাদেশের সীমান্ত এলাকায় মেঘালয়ের পাহাড়গুলোর ঝর্ণা ব্যবহার করে হাইড্রো পাওয়ার প্রজেক্ট স্থাপনের চিন্তা করছে সরকার।

বাংলাদেশে দুই বিদেশী হত্যা ও সর্বশেষ প্যারিসে হামলাসহ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বিস্তারের কারণে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে কী না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের বাংলাদেশে রেড এলার্ট জারি করাটা অন্যায়। তিনি বলেন, এরআগে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী সিলেটে বোমা হামলার শিকার হয়েছেন। তখনও তারা রেড এলার্ট জারি করেনি। আর এখন জাপানি নাগরিকের মৃত্যুতেই রেড এলার্ট জারি করে দিয়েছে। এটা ঠিক হয়নি।

মাতলুব বলেন, এগুলো বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না। আমরা যথেষ্ট নিরাপদ আছি। আমাদের চিন্তার কিছু নেই।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া কয়লা ও পাথর নির্ভর শিল্পগুলোতেও অচলাবস্থা দেখা দিয়েছে। শিলংয়ের কানেকটিভি সামিটে এই দুটি পণ্য আমদানী শুরুর ব্যাপারেও আলোচনা করবো।

সংবাদ সম্মেলনে সিলেট চেম্বারের পরিচালকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের পরপরই প্রতিনিধি দল শিলংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আপনার মন্তব্য

আলোচিত