বানিয়াচং প্রতিনিধি

০৪ আগস্ট, ২০২১ ১২:৫০

বানিয়াচংয়ে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি: উদ্ধারের পর জরিমানা

হবিগঞ্জের বানিয়াচংয়ে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে একটি দোকানে মজুত করায় অপরাধে ডিলার ও ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯টায় উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে ৯ বস্তা চিনিও ১ বস্তা ডাল উদ্ধারের পর এই জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

সূত্রে জানা যায়, টিসিবি’র কিছু পণ্য গ্যানিংগঞ্জ বাজারে মজুদ করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে বলে খবর পায় প্রশাসন। পরে সেখানে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী হাফেজ হোসাইন ট্রেডার্সের মালিক ইকবাল মিয়া দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে বাজার কমিটির মাধ্যমে দোকানের তালা ভেঙ্গে ৯ বস্তা টিসিবির চিনি ও ১ বস্তা মসুর ডাল উদ্ধার করেন তিনি।

পরবর্তীতে এ সব পণ্য ৩নং ইউপি চেয়ারম্যান এর জিম্মায় দেওয়া হয়। যার মূল্য ২৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত চিনিও ডাল বিক্রি করে এ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য উক্ত চেয়ারম্যানকে বলে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

এ ঘটনায় ডিলার মোতাব্বির ট্রেডার্সের মালিক মোতাব্বির মিয়াকে কালোবাজারে টিসিবি’র পণ্য বিক্রি করার অভিযোগে ১৫ হাজার ও ক্রেতা দোয়াখানী মহল্লার লেচু মিয়ার পুত্র ব্যবসায়ী ইকবাল মিয়াকে পণ্য ক্রয় করার কারণে ১৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

আপনার মন্তব্য

আলোচিত