০৪ আগস্ট, ২০২১ ১৪:৩১
পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকি প্রদানের অভিযোগ এনে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছে সিলেটের এক সাংবাদিক। মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় এই জিডি করেন সময় টিভির সিনিয়র চিত্র সাংবাদিক ও সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসাসিয়েশনের সভাপতি দিগেন সিনহা।
এতে 'লন্ডন বাংলা' নামক ফেসবুক পেজের সুমন নামের এক 'ফটোগ্রাফারের' বিরুদ্ধে হুমকি প্রদানের অভিযোগ করেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনে আয়োজিত করোনা সংক্রমণ রোধ ও সিলেটের চিকিৎসা সেবার উন্নয়ন শীর্ষক জরুরি সভা চলাকালে ছবি তোলা নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সুমনের বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় সাংবাদিক দিগেন সিংহ উভয় পক্ষকে শান্ত করতে গেলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমন তাকে গালিগালাজ করেন। সুমন সাংবাদিক দিগেন সিংহ ও অন্যান্য চিত্র সাংবাদিকদের দেখে নেওয়ারও হুমকি দেন। এই অবস্থায় সাংবাদিকদের জানমালের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার বিকেলে সিলেট কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি করেন সাংবাদিক দিগেন সিংহ।
জিডির বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ‘আমরা জিডি পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবো।’
আপনার মন্তব্য