তাহিরপুর প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২১ ২৩:০১

তিন মাস পর চুনাপাথর আমদানি শুরু, তবে কয়লা আমদানি বন্ধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন তিন মাস পর ফের চালু হলেও কয়লা আমদানি এখনো শুরু হয়নি। পুনরায় চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ী ও স্থানীয় শ্রমিকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৫ আগষ্ট)দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বড়ছড়া শুল্কস্টেশন দিয়ে ভারত থেকে শুধু চুনাপাথর আমদানি শুরুর পূর্বে ফিতা কেটে চুনাপাথর আমদানির উদ্বোধন করেন, তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন। পরে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বড়ছড়া শুল্কস্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আলাউদ্দিন, উপপরিদর্শক তাজুল ইসলাম, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের অথ্য সম্পাদক জাহের আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের, কয়লা আমদানিকারক গ্রুপের সচিব রাজেশ কুমার তালুকদার, গ্রুপের কার্যকরি সদস্য স্বপন কুমার দাস, ব্যবসায়ী মজিবুর রহমান প্রমুখ।

এদিন বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে ৩২টি ট্রাকে ১২ টন করে ৩৮৪ টন চুনাপাথর আসার মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদার, ব্যবসায়ী স্বপন কুমার দাস, সুমন আশিষসহ কয়েকজন জানান, ভারতে করোনা পরিস্থিতি জটিল রূপ ধারণ করা ও লকডাউনের কারণে গত ১ মে থেকে তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েন প্রায় ৫০০ আমদানিকারক। কর্মহীন হয়ে পড়েন আমদানিকারদের প্রায় পাঁচ-ছয় হাজার কর্মচারী ও অন্তত ৪০ হাজার শ্রমিক। এ ছাড়া প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন তিনটি বন্দর সংলগ্ন বাজারের মোদি দোকানীসহ অর্ধলাখ মানুষ। পুণরায় চুনাপাথর আমদানি শুরু হওয়ায় সবার মুখে হাসি ফিরেছে।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের বলেন, তিন মাস চুনাপাথর আমদানি বন্ধ থাকায় তাহিরপুরের তিনটি বন্দর এবং ভারতের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরে গত ১ আগস্ট চুনাপাথর রপ্তানির বিষয়ে ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি জুলিও সিজার ও সাধারণ সম্পাদক মাইটার মারউইন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছিলেন। চিঠি দেওয়ার চার দিনের মাথায় চুনাপাথর আমদানি শুরু হলো।

আপনার মন্তব্য

আলোচিত