আজমিরিগঞ্জ প্রতিনিধি

০৭ আগস্ট, ২০২১ ১৪:৩১

আজমিরিগঞ্জে ভ্রমরের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পৌর এলাকায় বিষাক্ত ভ্রমরের কামড়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) রাতে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃতরা স্বামী আবুল মিয়া (৮৫) এবং স্ত্রী অযিতুন নেছা (৫৫)। আবুল মিয়া আজমিরিগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সি উল্যার ছেলে।

হাসপাতাল সুত্র জানায়, গত শুক্রবার (৬ আগস্ট) বিকাল আনুমানিক ৩টায় দুপুরের খাবার খেয়ে নিজের বসত ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও তার স্ত্রী অযিতন নেছা। এ সময় বসত ঘরের সামনে থাকা একটি আম গাছ থেকে ভ্রমরের বাসাটি ভেঙ্গে আবুল মিয়ার দরজার সামনে পড়ে যায়। সাথে সাথে বিষাক্ত ভ্রমরগুলো আবুল মিয়ার ঘরে ঢুকে আবুল মিয়া ও তার স্ত্রীকে কামড়ানো শুরু করে।

এ সময় আবুল মিয়া ও তার স্ত্রীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শুক্রবার ( ৬ আগস্ট) রাত সাড়ে এগারোটায়  উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আবুল মিয়া ও রাত ২ টায় স্ত্রী অযিতন নেছার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন  জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে তাদেরকে নিয়ে আসার পর আমরা দেখতে পাই একাধিক ভ্রমরের কামড়ের ফলে অতিরিক্ত বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার জন্য ছাড়পত্র দেই। কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় আমরা তাদের স্বাক্ষর রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই পর্যাপ্ত  চিকিৎসা প্রদান করি। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায়  আবুল মিয়া  মৃত্যুবরণ করেন। তারপর রাত ১২ টার দিকে আবুল মিয়ার স্ত্রী অযিতন নেছার অবস্থার অবনতি দিকে যায়। তখনও আমরা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার কথা বলি। কিন্তু তাদের কোন আত্মীয়স্বজন না থাকায় কেউ তেমন সাড়া দেননি। চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় অযিতন নেছাও মৃত্যুবরণ করেন। বিষয়টি আমি সাথে সাথে আজমিরিগঞ্জ থানাকে অবগত করেছি।

আজমিরিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত