০৭ আগস্ট, ২০২১ ১৯:৫৭
সিলেটের গোয়াইনঘাটে করোনা প্রতিরোধক টিকা গ্রহণের জন্য আগ্রহের সাথে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
শনিবার (৭ আগস্ট) সিলেটে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন। এর পরপরই সিলেটজুড়ে শুরু হয় গণটিকা কার্যক্রমের। গোয়াইনঘাট উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আলিরগাঁও পূর্ব-পশ্চিমকে মোট ৯টি ইউনিয়নে সকাল থেকে টিকা কার্যক্রম শুরু হয়।
৯টি ইউনিয়নে মোট ৫ হাজার ৪০০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ হাজার ভ্যাকসিন মজুদ রয়েছে। এমন তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্দুল মালেক।
এদিকে উপজেলার নন্দিরগাঁওয় ইউনিয়নে বরাদ্দকৃত ভ্যাকসিন থেকে ১০টি ভ্যাকসিনের ঘাটতি দেখা দেয়।
অপরদিকে এই উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নে টিকা গ্রহীতা একজনকে দুইবার ভ্যাকসিন পুষ করার ঘটনাও ঘটে। ওই ইউনিয়নের রুবেল মিয়ার স্ত্রী মাসুদা বেগম (৪০) টিকাকেন্দ্রে গেলে প্রথমে জিল্লুর নামের স্বাস্থ্যকর্মী তাকে টিকা দেন। পরে রওশন নামের আরেক নারী স্বাস্থ্য কর্মীও ওই মহিলা পুনরায় টিকা প্রদান করেন। এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান চলছে। পুরো উপজেলার ৯টি ইউনিয়নের নির্ধারিত টিকাকেন্দ্রে মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। পুলিশ-প্রশাসনসহ আনসার সদস্যরা আমাদের সহযোগিতা করছেন।
আপনার মন্তব্য