১০ আগস্ট, ২০২১ ১৭:২৪
হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯আগস্ট) বিকালে বানিয়াচং থানার এসআই গৌতম সরকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী মোক্তার হোসেন (৩৬) কে গ্রেপ্তার করেন। তিনি দৌলতপুর গ্রামের মাজু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহসিন এন্ড ব্রাদার্স। কাজ চলাকালে এলাকার কতিপয় লোক সাইট ম্যানেজার সহিদ মিয়া ও ঠিকাদারের ভাগ্নে সাইদুল হাসানের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে কাজ করতে দেবেনা মর্মে হুমকি দেয়। চাঁদা না পেয়ে গত ৭ আগস্ট তারা নির্মাণকাজের মাটি ফিলিংয়ের ব্যবহৃত ২০ ফুট লম্বা ২৫ টি পাইপ ভাঙচুর করে।
এ ঘটনায় গত সোমবার (৯আগস্ট) ঠিকাদার এমদাদুল হাসান শাহীন বাদী হয়ে বানিয়াচং থানায় চারজনের নামসহ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৫। মামলার দায়িত্ব পেয়ে এসআই গৌতম সরকার একদল পুলিশ নিয়ে আসামী ধরতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন- দৌলতপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মুরছালিন মিয়া (৩৮), একই গ্রামের আব্দুল হাসেম মিয়ার ছেলে জামাল মিয়া (৪০) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার তেতুইয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে হেলাল মিয়া (৪০)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আপনার মন্তব্য