১০ আগস্ট, ২০২১ ১৯:১৯
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা টিকা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন মানুষজন। এনিয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর গত সোমবার (৯ আগস্ট)দুপুর ২টার পর টিকা না পাওয়া লোকজন টিকা গ্রহণ কেন্দ্রের সামনে হৈচৈ শুরু করেন। তবে দায়িত্বশীলরা বলেছেন নির্দিষ্ট সময় পাড় হওয়ায় টিকা দেয়া হয়নি।
গত সোমবারেই নয় প্রায় প্রতিদিনেই এমন ঘটনার শিকার হচ্ছেন টিকা নিতে আসা লোকজন। তাদের দাবি দুপুর দুইটা নয় ৩ তিনটা পর্যন্ত সময় বাড়ানো হউক। না হলে অনেকে প্রত্যন্ত এলাকার লোকজন দুর্ভোগের শিকার হচ্ছেন।
এমনি দুর্ভোগের শিকার হওয়া ভুক্তভোগীরা জানালেন, সময় দুপুর ২টা বেজে গেছে এর পরেই করোনার টিকা কাউকে দেওয়া হচ্ছে না। টিকা দেয়ার দায়িত্বে থাকা লোকজন চলে যাচ্ছেন আবার কেউ কেউ টিকার হিসাব করছেন। এর মধ্যে অনেকেই টিকা না পেয়ে লাইনে দাঁড়িয়ে থেকে হৈচৈ করেছেন। ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে টিকা নিতে আসা লোকজন।
উপজেলা থেকে প্রায় ১০কিলোমিটার দূরবর্তী বাদাঘাট ইউনিয়ন থেকে টিকা নিতে আসা জাহাঙ্গীর আলম জানান, রেজিস্ট্রেশন অনুযায়ী মোবাইলে মেসেজ পেয়ে টিকা নিতে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু দুপুর ২টা বাজায় টিকা কেন্দ্র থেকে সময় পেরিয়ে গেছে বলে জানান। তাই টিকা না পেয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরে যান তিনি। অনেকেরই দুর থেকে আসতে গিয়ে বিভিন্ন কারণে সময় মত আসতে পারে না তাই সবার স্বার্থে সময় বাড়ানোর দাবি জানাই।
সিলেট বিভাগীয় শহরে চাকরি করেন মোস্তফা কামাল। তিনি জানান, আমার স্ত্রীর মোবাইলে টিকা নেয়ার মেসেজ আসার পর আমি সিলেট থেকে সকালে এসে টিকা কেন্দ্রে নিয়ে যাই। কিন্তু সময় পেরিয়ে গেছে বলে আমাদেরকে টিকা না দিয়ে ফিরিয়ে দিয়েছে। ইচ্ছে করলে টিকা দেয়ার সুযোগ ছিলো। পরে এক সাংবাদিকের কারণে অনেকেই টিকা নিতে পেরেছেন।
টাংগুয়ার হাওর পাড়ের ছিলানি তাহিরপুর গ্রাম থেকে টিকা নিতে আসা বৃদ্ধ পারুল বেগম জানান, নৌকায় করে সকালে রওয়ানা দিয়ে দুপুরে তাহিরপুর হাসপাতালে টিকা নিতে আসছিলাম। কিন্তু টিকা কেন্দ্রের দায়িত্বশীল লোকরা উদ্ভট আচরণ করে আমাকে বাড়ি ফিরে যেতে বাধ্য করেছে। এত দূর থেকে আবার আসা বড় কষ্টের। আমার মত আরও কেউ যাতে এমন সমস্যার শিকার হতে না হয় তাই সময় বাড়ানোর দাবি করছি।
টিকা নিতে আসা এ রকম আরও একাধিক লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সকালে ম্যাসেজ আসলো টিকা নিতে অথচ দুপুরে এসে টিকা নিতে পারলাম না। এসময় টিকা না পেয়ে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি হতাশা নিয়ে ফিরে যান।
হাসপাতালে টিকা দেওয়ার দায়িত্বে থাকা নজরুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা দেওয়ার নির্দেশনা আছে। পরে আসলে টিকা দেয়া সম্ভব নয়। কর্তৃপক্ষ সময় বাড়ানোর নির্দেশনা দিলে আমরাও সে ভাবে কাজ করব।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু আহমদ শাফী জানান, টিকা দেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর লোকজন আসলে তাদেরকে পরেরদিন টিকা নিতে পরামর্শ দেয়া হয়। তিনি সবাইকে নিদিষ্ট সময়ের মধ্যেই আসার জন্য অনুরোধ করেন।
আপনার মন্তব্য