কমলগঞ্জ প্রতিনিধি

১৪ আগস্ট, ২০২১ ১৫:১৮

কমলগঞ্জে উদ্ধারকৃত অজগর লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা প্রায় ৬ ফুট লম্বা একটি অজগর সাপকে আটক করেছে গ্রামবাসী। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে তারা অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ায় রেসকিউ সেন্টারে নিয়ে আসেন।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। রাতেই উদ্ধারকৃত অজগর সাপকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকার নির্মল কুমার সিংহ তার জমির ধান কাটতে গিয়ে গত শুক্রবার বিকাল ৫টায় বিশাল আয়তনের একটি অজগর সাপ দেখতে পান। পরে গ্রামের লোকজনকে সাথে নিয়ে অজগরটিকে আটক করে একটি বস্তার ভিতরে বন্দি করে রাখেন। উদ্ধারকৃত অজগর সাপটি উদ্ধার করার জন্য স্থানীয়রা বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানায়।

পরে রাতে বন্যপ্রাণী বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম টিলাবাজারের বটতলা এলাকায় গিয়ে গ্রামবাসীর হাতে বস্তাবন্দি অবস্থায় আটক অজগরটি উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়। অজগরটি সুস্থ থাকায় শুক্রবার রাত ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যান বনে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের কথা স্বীকার করে বলেন, টিলাবাজার এলাকায় ধানী জমিতে পাওয়া অজগরটি শুক্রবার রাত ১০টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত