১৫ আগস্ট, ২০২১ ২২:১৭
সিলেট প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবসে এ কর্মসূচি শুরু করেছে সিলেট প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। পরবর্তীতে আরও কয়েকটি ধাপে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংগঠনটির সদস্যরা।
রোববার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত নগরের তালতলা, মির্জাজাঙ্গাল ও জামতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এতে সহায়তা করেছে সিলেট সিটি করপোরেশন। মশক নিধন অভিযানে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার বন্ধুদের পাঁচটি ফগার মেশিন দিয়ে সহযোগিতা করেছে।
বন্ধুসভার সদস্যরা জানান, নগরে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গুর আক্রান্তের হারও বাড়ছে। সিলেট নগরেও পাওয়া গেছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা। এ জন্য মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযানের পরিকল্পনা নেওয়া হয়। গতকাল রোববার মশক নিধন অভিযানের পাশাপাশি পরিচ্ছন্ন অভিযান চালানো হয়েছে।
সিলেট নগরের তালতলা, মির্জাজাঙ্গাল ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে ওই সব এলাকার বাসিন্দাদের বাড়িঘরের আশপাশ পরিচ্ছন্ন করা হয়েছে। তিন এলাকার বাসিন্দাদের বাড়ি ঘরে জমে থাকা পানি পরিষ্কার করা হয়েছে। বাসিন্দাদের এডিস মশার সম্পর্কে সচেতন করা হয়েছে। মশার বংশ বিস্তার রোধে বাড়ির আশাপাশে পানি যাতে জমে না থাকে সেদিকে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট প্রথম আলো বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, অর্থ সম্পাদক অনিক চন্দ্র পাল, যোগাযোগ সম্পাদক শিব্বির আহমেদ ও সুমীল বৈষ্ণব প্রমুখ।
সংগঠনের সভাপতি তামান্না ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে অনেক জায়াগায় পানি জমে রয়েছে। সড়কের পাশে ডাবের খোসা কিংবা পানির খালি বোতলে জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে। সম্প্রতি মশাবাহিত রোগ ডেঙ্গুর আক্রান্তের হার বাড়ছে বলে সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে। অন্যদিকে সিলেটের কয়েকটি এলাকায় ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ার খবরও আমরা শুনেছি।
তামন্না ইসলাম আরও বলেন, এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে জন্য সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান চালিয়েছি। এ ছাড়া আমরা পরিচ্ছন্ন অভিযান এবং বাসিন্দাদের সচেতন করেছি। আমরা আরও কয়েকটি ধাপে এ অভিযান অব্যাহত রাখব।
আপনার মন্তব্য