সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০২১ ১৭:০৪

আইসিইউতে রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সকালে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত চেকআপ করাতে রওশন এরশাদ গত পরশু দিন সিএমএইচে যান। যাওয়ার পর দেখা যায়, তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। পরে তিনি বাসায় চলে যান। কিন্তু আজকে আবার কিছু সমস্যা মনে হওয়ায় তিনি পুনরায় ভর্তি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যেতে পারেনি। এ ছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।

এদিকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহগীর আলমাহি সাদ এরশাদ এমপি।

আপনার মন্তব্য

আলোচিত