সিলেটটুডে ডেস্ক

২৫ আগস্ট, ২০২১ ০০:৫৩

সবকিছু ত্যাগ করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি: শফি চৌধুরী

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশের লোক বড় বাঘা নদীতে একটি ব্রীজ না থাকার কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই দূর্ভোগের অবসান করবো। বছরের পর বছর ধরে বর্তমান সরকার ক্ষমতাসীন, কিন্তু এই বড়ভাগা নদীর ব্রীজটি এখনো বাস্তবায়ন হয়নি। এটা দুঃখজনক।

তিনি বলেন, বর্তমান উপ-নির্বাচনে আবার আওয়ামীলীগের প্রার্থী এবং অন্য জাতীয় পার্টির অপর প্রার্থী প্রচার চালিয়ে যাচ্ছে যে, বড় ভাগা নদীতে ব্রীজ করে দিবেন, তাহলে এতোদিন তারা কোথায় ছিলেন? নির্বাচন আসলে মানুষের কাছে এসে ভাওতাবাজী করে সাধারণ মানুষের ভোট নেওয়ার চেষ্টা করেন। আমি এসব বিশ্বাস করি না। আমি কাজের মানুষ, মানুষের কাজ করতে আগ্রহী। এজন্য নিজের সব কিছু ত্যাগ করে সাধারণ মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসে দাঁড়িয়েছি। দীর্ঘদিন বিএনপির সংসদ সদস্য ছিলাম। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জের অনেক উন্নয়ন করেছি, যা এখনও দৃশ্যমান। আপনাদের সমর্থন নিয়ে আবার যদি নির্বাচনে নির্বাচিত হতে পারি, তবে ইনশাআল্লাহ আমার অসম্পূর্ণ সব উন্নয়ন কাজ সম্পন্ন করবো।

তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ। দীর্ঘ দিন ধরে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। অথচ এই এলাকার উপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে এই গ্যাসের লাইন সরবরাহ করা হয়েছে। আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম হচ্ছে এই তিন উপজেলার ঘরে ঘরে গ্যাস সুবিধা পৌছে দেওয়া। নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেবা বাস্তবায়ন হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) শফি আহমদ চৌধুরী বালাগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তিনি প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর বাজারে, ধনারাম বাজারে, বড়গাং বাজারে, বালাগঞ্জ উপজেলা সদরে এবং বড় ভাগা নদী তীরবর্তী সিরিয়া গ্রামে এসব মতবিনিময় ও গণংযোগ করেন।

এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত