২৭ আগস্ট, ২০২১ ২১:০৮
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ডেবনা ব্রিজের ওপর পাথরের স্তুপে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার কুর্শি ইউনিয়নের ময়না মিয়া (৩২) ও সফিক মিয়া (৫০)। বৃহস্পতিবার ২৬ আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, আউকান্দি থেকে নবীগঞ্জে যাবার পথে ডেবনা ব্রিজের ওপর জমা রাখা পাথরের স্তুপে ধাক্কা লাগে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা। এতে দুমড়েমুছড়ে যায় অটোরিকশাটি। এসময় গাড়িতে থাকা সফিক মিয়া ও ময়না মিয়া গুরুতর আহত হন। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. নাবেদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাল মিয়া আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানোর কথা বলেন। পরে আহতদের স্বজনরা এসে সিলেট নিয়ে যান।
আউশকান্দি-নবীগঞ্জ সড়কের নিয়মত সিএনজি চালিত অটোরিকশা চালক সুন্দর আলী শুক্রবার ২৭ আগস্ট রাত ৮টায় জানান, ব্রিজের ওপর রাখা পাথরের স্তুপে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক চালক।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ জানান, অবগত হয়েছি। ব্রিজের ওপর জমাকৃত পাথর সরানোর ব্যবস্থা নিচ্ছি।
আপনার মন্তব্য