নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০১৫ ১৩:৩১

বটেশ্বরে লেগুনার ধাক্কায় পথচারী গুরুতর আহত

সিলেটের বটেশ্বর এলাকার জালালাবাদ সেনানিবাসের সামনে লেগুনার ধাক্কায় মজিদ মিয়া (৬৫) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

তার বাড়ি বটেশ্বরের মলাইটিলায়। বৃহস্পতিবার দুপুর ১২টায় হরিপুর থেকে সিলেটগামী যাত্রীবাহী লেগুনা বটেশ্বর বাজারের রিকশা স্ট্যান্ডে বসে থাকা অবস্থায় ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

তৎক্ষণাৎ তাকে সেনানিবাস এলাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ডাক্তাররা জানিয়েছেন তাঁর আঘাত গুরুতর, তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেশায় রাজমিস্ত্রি মজিদ মিয়া রিকশা স্ট্যান্ডে বসে ছিলেন তখন রাস্তার পাশে বিদ্যুৎ বিভাগের কর্মীরা গাছের ডাল কেটে সরানোর সময় তাঁর একটি জুতা রাস্তার দিকে চলে গেলে তিনি হাত বাড়িয়ে তা আনতে যান, তখন সিলেটমুখী লেগুনা দ্রুত গতিতে ছুটে এসে তাঁর মাথায় আঘাত করে।

এদিকে ঘাতক লেগুনাটি স্থানীয়রা আটক করলে পরে শাহপরান থানা পুলিশ এসে নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে শাহপরান থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) বলেন, "আহত ব্যক্তি জীবিত আছেন কিনা এখনো নিশ্চিত নই, তবে লেগুনাটি আমরা আটক করে নিয়ে এসেছি"।

আপনার মন্তব্য

আলোচিত