২৬ নভেম্বর, ২০১৫ ১৬:২০
হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর নবীগঞ্জ পৌরএলাকার নহরপুরে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল মিয়া নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, নবীগঞ্জের নহরপুরের আঙ্গুর মিয়ার ছেলে, অটোরিক্সা চালক বেলাল হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী ইকবাল মিয়া গত ২৪ নভেম্বর জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার দুপুরে নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে ধানের খড় নিয়ে তার চাচা ও চাচাতো ভাইদের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চাচা ও চাচাতো ভাইদের হামলায় ইকবাল মিয়া নিহত হন। এসময় তার ভাই দেলোয়ার গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইকবাল মিয়ার মৃতদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য