সিলেটটুডে ডেস্ক

২৭ নভেম্বর, ২০১৫ ০০:৫৫

সিলেটের ডাক পুড়ানোয় জাসদ থেকে এহিয়ার পদত্যাগ

জাসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। তিনি সিলেট মহানগর জাসদের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা নিয়ে পাকিস্তান সরকারের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা চেতনা মঞ্চ সিলেট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা পুড়ানোর ঘটনায় তিনি পদত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

গণমাধ্যমে বৃহস্পতিবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন-

‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার পর পাকিস্তান কতৃক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবীতে গতকাল (বৃহস্পতিবার) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা চেতনা মঞ্চ সিলেট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মহানগর জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মহানগর জাসদের দপ্তর সম্পাদক হিসাবে মানববন্ধনে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে জরুরী প্রয়োজনে আমি চলে যাই।

পরবর্তীতে অনলাইন সিলেটভিউ২৪ডটকম ও সিলেটটুডে২৪ডটকমসহ অন্যান্য অনলাইন পত্রিকায় সংবাদ শিরোনামে বিক্ষুব্ধ মানববন্ধনকারীরা সিলেটের জনপ্রিয় দৈনিক সিলেটের ডাকে অগ্নিসংযোগ করে দেখে সিলেটের ডাকে কর্মরত হিসাবে আমি বিচলিত হই। ইতোপূর্বে সিলেটের ডাক র্কতৃপক্ষ নিউজ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা প্রদান করেছেন, তারপরও পত্রিকা পোড়ানো অত্যন্ত গর্হিত ও দুঃখজনক কাজ। একজন সচেতন নাগরিক হিসাবে দেশের বর্তমান প্রেক্ষাপট ও মীমাংসিত বিষয় নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আমি কিছুতেই মেনে নিতে পারছি না।

দৈনিক সিলেটের ডাক পুড়ানোর প্রতিবাদে সিলেট মহানগর জাসদের দপ্তর সম্পাদক পদ থেকে আমি মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া পদত্যাগ করছি।’

আপনার মন্তব্য

আলোচিত