২৮ নভেম্বর, ২০১৫ ১৭:৪৪
সুনামগঞ্জের ছাতকে আধিপত্যা বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দুপুরে ছাতক উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউ.পি চেয়ারম্যান সুফি আলম সোহেল ও একই গ্রামের নওশাদ মিয়া পক্ষের দুজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এদের মধ্যে গুরুতর আহত এখলাছুর রহমান (৭৫), সুরুজ আলী (৪৫) ও নওশাদ মিয়াকে (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, ১১ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় তিনজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মন্তব্য