আবুল হোসাইন,দিরাই

২৮ নভেম্বর, ২০১৫ ২১:৩১

গণতন্ত্রকে শক্তিশালী করে তুলতেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন: দিরাইয়ে সুরঞ্জিত

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেছেন, "গণতন্ত্রকে শক্তিশালী করতেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, "জাতীয় নির্বাচন দলীয় প্রতীকে আর স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়া যাহা বিপরীতমুখী, তাতে গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। তাই সরকার জাতীয় ও স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমবারের মত স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে।"  

শনিবার পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন উপলক্ষে পৌর আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য তৃনমূলের নেতাকর্মী, পৌর, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠাতে হবে। সেখান থেকে প্রতীক বরাদ্ধ দেবেন দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন।

নির্বাচন পেছানোর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আলোচনা ছাড়া নির্বাচন কমিশন কিছু আচরণ বিধি করে ফেলেছে এ নিয়ে কিছু আপত্তি রয়েছে। বিএনপিসহ কিছু ছোট ছোট দলও সময় চাচ্ছে। তবে নির্বাচন পেছানোর এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের, এখানে সরকারের কিছু করার নেই।"

বর্তমান মেয়রের প্রশংসা করে তিনি বলেন, "আজিজুর রহমান বুলবুল যে ভাবে পৌরসভাকে শতভাগ দুর্নীতি মুক্ত রেখে ৩য় শ্রেণী থেকে ২য় শ্রেণীতে উন্নীত করে, নিজস্ব সম্পত্তি দিয়ে পৌরভবন নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহ কেন্দ্র নির্মাণসহ নজির বিহীন পৌরকর আদায়ের মধ্য দিয়ে যে উন্নয়নের ধারাবাহিকতা রেখে গেছেন আমি আশা করবো আগামীতে যে মেয়র আসবেন সেই ধারাবাহিকতা বঝায় রাখবেন বলে দল প্রত্যাশা করে।"

পৌর সদরের বিএডিসি মাঠে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজদৌলা তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদেও পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সর্দার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বাসস সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদার,প্রভাকর চৌধুরী,অভিরাম তালুকদার, রঞ্জন রায়, শাহজাহান সর্দার, তাজুল ইসলাম, রশীদ আহমদ বাচ্চু, আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, মোশাহিদ মিয়া, তাজ উদ্দিন মাস্টার, সুনুর উদ্দিন, হাবিবুর রহমান কাছা, মেখুল ইসলাম, জসিম উদ্দিন চৌধুরী, এনামুল হক তালুকদার, জুয়েল মিয়া,পারভেজ রহমান। সম্ভাব্য প্রার্থী হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, আওয়ামীলীগ নেতা তাহের সর্দার, সফিকুল ইসলাম, সাবেক ভিপি ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, মতিউর রহমান। সভাশেষে রাতে দলীয় কার্যালয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে পৌর আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ নির্বাচন পরিচালনা কমিটি সদস্যদেও নিয়ে দলীয় প্রার্থী চূড়ান্তের সভা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত