০২ ডিসেম্বর, ২০২১ ১৬:২৩
শান্তিগঞ্জ উপজেলার চার প্রতিষ্ঠান থেকে এই প্রথম উপজেলার নিজেস্ব কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সনদ (এইচএসসি) পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সারা দেশে বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হলেও শান্তিগঞ্জে বিজ্ঞান বিভাগের কোনো শিক্ষার্থী না থাকায় রবিবার সকালে যুক্তিবিদ্যা ১ম পত্র দিয়ে শুরু হবে এ পরীক্ষা।
উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্র ও পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপ-কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। পরীক্ষায় মানবিক বিভাগে ৪শ ২৬ জন ও ব্যবসায় বাণিজ্য বিভাগে ২২ জনসহ মোট ৪শ ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২শ ৪৮ জন মেয়ে ও ২শ ১০ জন ছেলে পরীক্ষার্থী রয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ, আবদুল মজিদ কলেজ, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সুরমা হাইস্কুল এন্ড কলেজ।
পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান, প্রভাষক ও সহকারি শিক্ষকদের দিকনির্দশনা প্রদান করেছেন কেন্দ্র সচিব, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন। বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের একটি কক্ষে পরীক্ষা সংক্রান্ত এ দিক নির্দেশন দেন তিনি। পরীক্ষায় সকল শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা ও সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ বিষয়ে কথা বলেন অধ্যক্ষ রমিজ উদ্দিন। এসময় সহকারি কেন্দ্র সচিব, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, হল সুপার নিহার রঞ্জন তালুকদার ও মদন মোহনসহ অন্যান্য প্রভাষক ও সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন বলেন, প্রথমবারের মতো উপজেলার নিজেস্ব কেন্দ্রে পরীক্ষা নিতে পেরে আমরা আনন্দিত। এতে শিক্ষার্থীরা বেশ উপকৃত হবেন। সুনামগঞ্জ সদর কিংবা দিরাই গিয়ে পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা গ্রহণের জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি ভালোভাবেই পরীক্ষা শেষ করতে পারবো।
উল্লেখ্য, চলতি বছরের এ পরীক্ষায় একযোগে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। কোভিড-১৯ এর কারণে ৩ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আপনার মন্তব্য