তপন কুমার দাস, বড়লেখা

০২ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫৬

পৌর নির্বাচন: বড়লেখায় দলীয় মনোনয়ন পেলেন আ’লীগের কামরান, বিএনপির আনোয়ার

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বিএনপি থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান পৌর বিএনপির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মীর মুজিবুর রহমান। অপরদিকে দলীয়ভাবে জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ না থাকায় জামায়াতের প্রার্থী খিজির আহমদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

আবুল ইমাম মো. কামরান চৌধুরী : মঙ্গলবার রাতে বড়লেখা পৌরসভার জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর মনোনয়নপত্রে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।  

আবুল ইমাম মো. কামরান চৌধুরীর বাড়ি পৌর শহরের মহবন্দ এলাকায়। পারিবারিকভাবেই তিনি রাজনৈতিক আবহে বেড়ে ওঠেন। তাঁর দাদা আকদ্দছ আলী চৌধুরী বড়লেখা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। কামরান চৌধুরী ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত বড়লেখা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতিরও দায়িত্ব পালন করছেন।

আবুল ইমাম মো. কামরান চৌধুরী উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল ডিমাই এলাকায় এলসারিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপন করে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৪’ পদক লাভ করেন। সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।

আনোয়ারুল ইসলাম : পৌর শহরের গাজিটেকা এলাকার বাসিন্দা আনোয়ারুল ইসলাম দীর্ঘদিন উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

আপনার মন্তব্য

আলোচিত