০৯ ডিসেম্বর, ২০২১ ২১:১৮
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যে কোন কাজে নেতৃত্বের প্রয়োজন আছে। আমাদের সবচেয়ে বড় কাজ ছিল পরাধীন হওয়া থেকে মুক্তি হওয়া। সেই বিশাল কাজে আমাদের নেতা ছিলেন শেখ মুজিব। তাকে আমরা সবাই সাহায্য করেছি সমর্থন করেছি; লাখো লাখো মানুষ লাঠি নিয়ে বন্দুক নিয়ে লড়াই করেছেন। এর ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের বিশাল সংগ্রাম চলছে। এই সংগ্রাম দেশকে পরিবর্তন করার।
সুনামগঞ্জ পৌর শহরে বৃহস্পতিবার জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের একটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, রাস্তাঘাট বানানো, স্কুল বানানো, হাসপাতাল বানানো, বাড়ি বাড়ি বিদ্যুৎ নিয়ে যাওয়া, বাচ্চাদের জন্য অটিস্টিক স্কুল করাসহ আরও অনেক কাজ আমাদের আছে। তাই এতো সকল বিরাট কাজের জন্য নেতৃত্বের প্রয়োজন আছে। আল্লাহ আমাদের উপহার দিয়েছেন শেখ হাসিনার মতো একজন কর্মঠ, দেশপ্রেমিক ঈমানদার একজন শক্তিশালী অভিজ্ঞ নেতা। যার জন্য আমরা গত ১২ বছরে এ দেশকে উলটপালট করে সুন্দর বাংলাদেশ প্রায়ই পেয়ে গেছি।
‘‘তাহলে আমাদের উচিত হবে বঙ্গবন্ধুকে আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম। অসাধ্যকে সাধন করেছিলাম; তেমনি তার কন্যাকেও সমর্থন দেওয়া।’’
মন্ত্রী আরও বলেন, আপনারা লক্ষ করেছেন একজন মন্ত্রী অন্যায় করেছিলো। আপনারা তার প্রতিবাদ করেছিলেন। ফেসবুকে নানাভাবে আলোচনায় যার বিরুদ্ধে তিনি সময় ক্ষেপন করেননি, কিভাবে তিনি অ্যাকশন নিয়েছেন আপনারা তার স্বাক্ষী। বাকি অ্যাকশনগুলো তিনি চাইলেও নিতে পারবেন না।
‘‘সাংসদ থেকে তিনি পারবেন না বের করতে। কারণ সে নির্বাচিত সাংসদ। সেখানে আইন আছে, সেই আইন মোতাবেক তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। শেখ হাসিনা প্রয়োজনে কঠিন হতে পারেন, যদিও বেশিরভাগ সময়ই তিনি কোমল অত্যন্ত নরম মায়ের মতো, তাই প্রধানমন্ত্রীকে আমাদের সমর্থন করা প্রয়োজন।’’
সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অধ্যক্ষ শেরগুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক।
আপনার মন্তব্য