চুনারুঘাট প্রতিনিধি:

০৯ ডিসেম্বর, ২০২১ ২১:২০

‘তাবিজের প্রভাবে’ নিজ মেয়েকে ধর্ষণ করেন বাবা

দায় স্বীকার করে আদালতে জবানবন্দি

হবিগঞ্জের চুনারুঘাটে কিশোরী মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত বাবা আব্দুল খালেক ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধানের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

১৬৪ ধারায় জবানবন্দি প্রদান শেষে সন্ধ্যায় আসামিকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে জানান, ওই কিশোরীর মায়ের সাথে অর্থাৎ খালেকের স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে মনোমালিন্য দেখা দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। এতে অভিমান করে কিশোরীর মা তার বাবার বাড়ি চলে যান। এ ঘটনায় আসামি খালেক তার স্ত্রীকে ফিরে পেতে কতিপয় হুজুরের কাছ থেকে তাবিজ করেন। আসামির দাবি তাবিজের প্রভাব পড়ে তার ওপর, এতে তার মাথা নষ্ট হয়ে গিয়ে সে (পিতা) সহ তার বন্ধু কাদির মিলে বাড়িতে একা পেয়ে একাধিকবার নিজ কিশোরী মেয়েকে (দুজন মিলে) ধর্ষণ করে।

এর আগে দুপুরে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে অভিযুক্ত বাবাকে আদালত প্রাঙ্গণে হাজির করে পুলিশ। এ মামলায় অপর আসামি (বাবার) বন্ধু আব্দুল কাদিরকে দুপুরেই কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, উপজেলার এক গ্রামে গত ১ ডিসেম্বর ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে পিতা ও তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ৭ ডিসেম্বর বিকেলে পিতাসহ দুইজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯, সিপিসি-১ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল। ৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে কিশোরী বাদী হয়ে চুনারুঘাট থানায় বাবাকে প্রধান আসামি ও (পিতার) বন্ধুসহ দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- আব্দুল খালেক (৪০) ও আব্দুল কাদির (৪২)।

আপনার মন্তব্য

আলোচিত