১২ ডিসেম্বর, ২০২১ ০০:২১
গণফোরামের নির্বাহী সভাপতি সাংসদ মোকাব্বির খান বলেছেন, সিলেট-২ আসেনর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এমপি হিসেবে শপথ নেওয়ার পর থেকে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাচ্ছি। এনিয়ে কারো সঙ্গে কোনো আপোষ করিনি এবং করবোও না। কেউ যদি কখনো আমার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির কোন প্রমাণ দেখাতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো।
শনিবার (১১ ডিসেম্বর) বিশ্বনাথের দশঘর ইউনিয়নের মিয়ার বাজার ও নিহালের নোয়াগাঁওয়ে পৃথক পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওইদিন বিকেলে দশঘর ইউনিয়নের নিহালের নোয়াগাঁও জিএন্ডএম কমিউনিটি সেন্টারে স্থানীয় এলাকাবাসীর সাথে এমপি মোকাব্বির খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ^নাথের দুইবারের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান।
সাবেক ইউপি সদস্য শামসুদ্দিনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান এবং চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক আবুল কালাম।
সংগঠক শওকত আলীর পরিচালনায় সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ইউপি সদস্য মুহিত চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থসারথী দাশ পাপ্পু, সমাজকর্মী জাহাঙ্গীর হোসেন ও শেখ কাওছার আলী। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী জালাল উদ্দিন।
ওইদিন দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাংবাদিক পাভেল সামাদের সভাপতিত্বে দশঘর ইউনিয়নবাসীর সাথে স্থানীয় মিয়ার বাজারে এক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
এসময় স্থানীয় ইউপি সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল গফুর, মুহিত চৌধুরী ও শাহ ফারুক আহমদ, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মিয়ার বাজার পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক ছিদ্দিকুর রহমান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন ক্বারী উবায়দুল হক।
এর আগে দশঘর ইউনিয়নের ‘লহুরী-মাছুখালী বাজার রোড চেইনেজ ২০০০-৩৩০০ মিটার কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি মোকাব্বির খান এমপি। এসময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন, সমাজসেবক আবদুস শহীদসহ আরও অনেকে।
আপনার মন্তব্য