১৩ ডিসেম্বর, ২০২১ ২৩:৩৬
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একটি ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসীর পক্ষে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ওয়াজ মাহফিল বন্ধের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রমাপতিপুর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগকারীদের অভিযোগ থেকে জানা গেছে, রমাপতিপুর গ্রামের দুই পক্ষের পূর্ব বিরোধের জের ধরে ১০ থেকে ১২টি মামলা রয়েছে। উক্ত মামলা মোকদ্দমার কারণে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়াও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুইজন সদস্য প্রার্থী গ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের মিছিল মিটিং নিয়েও দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা যায়। এ অবস্থায় একপক্ষের লোকজন আগামী ১৫ ডিসেম্বর ওয়রত ওমর (রাঃ) সাবেক নাম হিযবুল্লাহ পরিষদ সংগঠনের নামে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে।
রমাপতিপুর গ্রামের আলী হোসেন জানান, রমাপতিপুর গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের সংঘর্ষ মামলা মোকদ্দমায় এলাকায় উত্তেজনা চলছে। এ অবস্থায় গ্রামবাসীকে বাদ দিয়ে একটি মহল ওয়াজ মাহফিল আয়োজন করে এলাকায় উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। যে কোনো সময় এ নিয়ে খুন-খারাবি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আইনশৃঙ্খলার অবনতি থেকে এলাকাবাসীকে রক্ষায় নির্বাচনের আগ পর্যন্ত ওয়াজ মাহফিল বন্ধের দাবি জানিয়ে আবেদন করেছি।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে বিষয়টি তদন্তপূর্বক পদক্ষেপ নেওয়া জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা যাছাইপূর্বক তিনি ব্যবস্থা নেবেন।
আপনার মন্তব্য