নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২১ ২২:৫৫

ইনোভেটর বইপড়া উৎসবের উদ্বোধন মঙ্গলবার

সিলেটে হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে জেলা পরিষদ সিলেট-ইনোভেটর বইপড়া উৎসব এর উদ্বোধন হচ্ছে আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর)। ওইদিন বেলা ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বর্ণাঢ্য এ উৎসব এর যাত্রা শুরু হবে।

দেড় দশক ধরে চলে আসা ইনোভেটর এর বইপড়া উৎসবের এবারের আসরে অংশ নিচ্ছে ৯৯১ জন শিক্ষার্থী। তার মধ্যে স্কুল ও সমমানের মাদ্রাসা পর্যায়ের ৫৩৫ জন এবং কলেজ, স্নাতক ও সমমান মাদ্রাসার ৪৫৬ জন শিক্ষার্থী রয়েছেন।

সিলেট মহানগর ছাড়াও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও শিক্ষার্থীরা এ বছর বইপড়া উৎসবের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এমনকি ঢাকা থেকেও কয়েকজন শিক্ষার্থী এবারের আসরে অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সিলেটের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পর নিবন্ধিত শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থটি গ্রহণ করবে।

এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তুলতে ইনোভেটর এর পক্ষ থেকে চলছে ব্যাপক প্রস্তুতি। ভাগ করে দেয়া হচ্ছে সদস্যদের দায়িত্ব। অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত প্রস্তুতি সভা। প্রস্তুত করা হচ্ছে স্বেচ্ছাসেবকদের।

বইপড়া উৎসব এর প্রধান উদ্যোক্তা, ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেবের নেতৃত্বে চলছে এ কর্মযজ্ঞ। তিনি জানান, এটি নিছক কোনো গ্রন্থপাঠের অনুষ্ঠান নয়, এ আয়োজনের অন্তর্নিহিত গুরুত্ব অনুধাবন করতে হবে। উৎসবের আনন্দে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার উৎসব হচ্ছে এই বইপড়া উৎসব।

অন্যদিকে, বইপড়া উৎসব এর প্রধান উদ্যোক্তা, ইনোভেটর এর মুখ্য সঞ্চালক, সিটি করপোরেশন এর কাউন্সিলর রেজওয়ান আহমদ জানান, আগামী ২১ ডিসেম্বর সিলেট শহিদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধিৎসু হাজারো শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিতে ইনোভেটর এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। তিনি এ উৎসব সফলে সকলের সহযোগিতা কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে, ওইদিন সকল শিক্ষার্থীকে সশরীরে উপস্থিত থেকে বই গ্রহণ এর জন্য অনুরোধ জানানো হয়েছে। শিক্ষার্থীদের বেলা দুইটায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে জাতীয় সংগীত এর মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত আলোচনাসভা। আলোচনার পর বই তুলে দেয়া হবে শিক্ষার্থীদের সাথে।

উল্লেখ্য, '‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিস্কার করি স্বাধীনতার ইতিহাস’ কে সামনে রেখে ২০০৬ সাল থেকে ইনোভেটর বইপড়া উৎসব এর আয়োজন করে যাচ্ছে। গত দুটি আসর থেকে এ উৎসবকে পৃষ্ঠপোষকতা করে আসছে জেলা পরিষদ, সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত