দিরাই প্রতিনিধি:

২০ ডিসেম্বর, ২০২১ ২১:৪৯

দিরাইয়ে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়

দিরাই উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা গণ মিলনায়তন হলে আইনশৃঙ্খলা সমন্বয় সেল দিরাইয়ের আয়োজনে এই মতবিনিময় সভা হয়।

আগামী ২৬ ডিসেম্বর এই উপজেলায় ভোট হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন লাল সিংহ, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, দিরাইয়ে আচরণবিধি মেনে সকল প্রার্থী তাদের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন শুনে আনন্দিত হয়েছি। আমার বিশ্বাস আগামী ২৬ ডিসেম্বর আপনারা উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করবেন।

‘‘জনগণ যাদেরকে যোগ্য মনে করবে তাকে ভোট দেবে, অবাধ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। ভোট নিরপেক্ষ হবে।’’

বিশেষ অতিথির বক্তব্য পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম বলেন, ‘কখনও কোনো অপশক্তির নির্বাচন বানচাল বা কেন্দ্র দখলের দুঃস্বপ্ন সফল হতে দেওয়া হবে না। নির্বাচনের দিন পুলিশ, বিজিবিসহ প্রশাসনের মোবাইল টিম সার্বক্ষনিক নিযুক্ত থাকবে। আপনারা আচরণবিধি মেনে নির্বাচন পরিচালনা করুন। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট রয়েছি।’

আপনার মন্তব্য

আলোচিত