নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১ ২০:০৮

আচরণবিধি লঙ্ঘন: সুনামগঞ্জে আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা

ইউনিয়ন পরিষদ নির্বাচন

সুনামগঞ্জ জেলার নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আজিম মাহমুদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার ১৬ (ক) ধারা অবমাননা করে নির্বাচনী প্রচারণার জন্য তোরণ নির্মাণ করায় ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজমুল হক ও মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের এই প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।‘

ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬’ এর ধারা ১৬ (ক) অনুযায়ী কোন প্রার্থী নির্বাচনী প্রচারণায় কোন গেইট, তোরণ বা ঘের নির্মাণ করতে পারিবেন না।

উল্লেখ্য, এর আগে সোমবার আওয়ামী লীগ প্রার্থী আজিম মাহমুদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেন এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ প্রার্থী বিধিমালার ১৬ (ক) লঙ্ঘন করে ইউনিয়নের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ এবং বিধিমালার ১৭ (ক) লঙ্ঘন করে সমর্থকদের মধ্যে টি-শার্ট বিতরণ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত