বিশ্বনাথ প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১ ২০:২৫

বিশ্বনাথে আ. লীগের তৃণমূলের ভোটে এগিয়ে শংকর ও ফয়সল

ইউনিয়ন পরিষদ নির্বাচন

আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগের তৃণমূলের ভোটে ১নং লামাকাজী ও ২নং খাজাঞ্চী ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় লামাকাজী বাজারের একটি কমিউনিটি সেন্টারে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ-আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুর রহমান চৌধুরী এবং প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

পরে জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে লামাকাজি ও খাজাঞ্চী ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে লামাকাজী ইউনিয়নে তৃণমূলের ৯টি ভোট পেয়ে প্রথম হয়েছেন ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য ফয়সল আহমদ। আর ৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল হোসেন এবং ১ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. শাহনুর হোসাইন।

খাজাঞ্চী ইউনিয়নে তৃণমূলের ১০টি ভোট পেয়ে প্রথম হয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক শংকর চন্দ্র ধর। আর ৭টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌদি আরব প্রবাসী আওয়ামী লীগ নেতা আরশ আলী গণি পান এবং ৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুহিবুর রহমান সুইট। ফলে তৃণমূলের ভোটে নৌকার মাজি হতে যাচ্ছেন লামাকাজিতে ফয়সল আহমদ এবং খাজাঞ্চীতে শংকর চন্দ্র ধর।

আপনার মন্তব্য

আলোচিত