সিলেটটুডে ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২১ ১৩:০০

গোলাপগঞ্জে নৌকার ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জের সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার নৌকা প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে ৯ নম্বর ওয়ার্ডের খলাগ্রাম এলাকায় জামাত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী-সমর্থকরা এ কাণ্ড করেন বলে সরেজমিন জানা গেছে। ব্যানার-পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, সদর ইউনিয়নে জামাত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ৯ নং ওয়ার্ডের খলাগ্রামের বাসিন্দা। জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে প্রায় ২'শ গজ দূরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়ার ব্যানার-পোস্টার টানানো ছিল। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জামাত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থক কালা ও সাবুসহ কয়েকজন এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেন।

পরে বিষয়টি আওয়ামী লীগের প্রার্থী, কর্মী ও সমর্থকদের নজরে আসলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান বলেন, জামাত ঘরানার স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী ও সমর্থকরা নৌকা প্রতীকের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিষয়টি গোলাপগঞ্জ থানার ওসিকে জানানোর পর তিনি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন।

পরিস্থিতি বিবেচনায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থিতিশীল রাখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তমজ্জুল আলী তোতা মিয়াকে বলা হয়েছে এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার জন্য। তারা থানায় এখনও কোন অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত