২৩ ডিসেম্বর, ২০২১ ২২:২১
হবিগঞ্জে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়- অনুমতি না নিয়ে সমাবেশ করা, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা, রাস্তায় আগুন দিয়ে নাশকতা চালানো, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-সার্কিট হাউজ ভবন ভাংচুর করা।
মামলায় প্রধান আসামী করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিকে গউছ ও জেলা বিএনপি আহবায়ক আবুল হাসিমকে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।
তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাঁধা দেয়।
এক পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতশত নেতাকর্মী রাস্তায় নেমে এসে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশরে উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা পুলিশের দুটি গাড়ি, পৌরসভা ভবন, সার্কিট হাউজ ভবন ভাংচুর করে। বড়ধরণের নাশকতা এড়াতে পুলিশ ১ হাজার দুইশ’ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ার সেল নক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ওসি জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় চারজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। বর্তমানে তারা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
আপনার মন্তব্য