গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ ডিসেম্বর, ২০২১ ১৩:৩২

গোলাপগঞ্জে নারী ভোটারদের সরব উপস্থিতি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে সকালে ভোট শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রে গিয়ে হাজির হয়েছেন অনেক ভোটার। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কুয়াশা কেটে শীত কমে যাওয়ার পরপরই নারী ভোটাররা কেন্দ্রে আসতে থাকেন। সকাল সকাল ভোট দেওয়াটাকে স্বস্তির মনে করায় অনেক নারী আগেই কেন্দ্রে হাজির হন।

বেলা ১ টা পর্যন্ত উপজেলার সবকটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ  চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সরেজমিন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি গোয়াসপুর ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়,  নারীদের দীর্ঘ লাইন। এখানে মাত্র ১০ থেকে ১৫জন পুরুষ লাইনে রয়েছেন। একই অবস্থা শেরপুর খলাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুলহাস মিয়া জানান, তার এই কেন্দ্রে ১ হাজার ৫৬৯ জন নারী পুরুষ ভোটার রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫০০  ভোট প্রয়োগ করা হয়েছে।

একই ইউনিয়নের শেরপুর খলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাক্তার ইউকে সিনহা জানান, আমার ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৬৫ জন। দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৬০০ ভোট প্রয়োগ করেছেন ভোটাররা।

গোলাপগঞ্জ উপজেলায় ১০ ইউনিয়নে ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাড়ে ৪ শতাধিক সাধারণ সদস্য (পুরুষ) এবং সংরক্ষিত সাধারণ সদস্য (নারী) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ১০ জন, জাতীয় পার্টির ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, জমিয়তে উলামায়ে ইসলামের একজন, জাসদের একজন, বিদ্রোহী ৪ জন, বিএনপির (স্বতন্ত্র) ১৫ জন, জামায়াতের (স্বতন্ত্র) ৮ জন, (সরাসরি কোনো রাজনৈতিক দল নয় এমন) স্বতন্ত্র ১৩ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে  গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।  এ নির্বাচনে কোন কারচুপির সুযোগ নেই।

গোলাপগঞ্জ  উপজেলা রিটার্নিং অফিসার, ইউএনও মো. গোলাম কবির বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবকটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আশা করছি গোলাপগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত