২৯ ডিসেম্বর, ২০২১ ০০:২৭
৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনকে জরিমানা করেছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এই জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আলীনগর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক বাদশা (নৌকা), স্বতন্ত্র প্রার্থী নিয়াজ মুর্শেদ রাজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী শাহিন আহমেদকে (ঘোড়া) ৩ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই ইউনিয়নের ৫ জন সাধারণ সদস্য প্রার্থীকে ৩ হাজার টাকা করে জরিমানা করেন। মোট ৮টি মামলায় ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে আরও একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার এবং নির্বাহী হাকিম ও কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা।
নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য