০৩ জানুয়ারি, ২০২২ ২১:৩০
সিলেটের বিশ্বনাথে আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে লামাকাজি ও খাজাঞ্চী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ জানুয়ারি) শেষদিনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। দুই ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন ও সাধারণ সদস্য পদে ৯৫ জনসহ ১৩২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
ওইদিন লামাকাজি ইউনিয়নে নৌকার প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ ও খাজাঞ্চী ইউনিয়নে সৌদি আরব প্রবাসী আরশ আলীসহ ওই দুই ইউনিয়নে ১২ চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। দলীয়ভাবে নির্বাচনে না আসলেও ১২ জনের মধ্যে ৮ জন প্রার্থীই বিএনপির, তারা স্বতন্ত্রভাবে লড়ছেন।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য এএইচএম ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান ও মকদ্দছ আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
লামাকাজি ইউনিয়নে বাকি ৪ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিএনপি নেতা আব্দুর রহমান আছকির, ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া ও ইসলামী আন্দোলন বাাংলাদেশের মনোনীত প্রার্থী আতাউর রহমান। এছাড়া ওই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র দিয়েছেন ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জন।
অন্যদিকে খাজাঞ্চী ইউনিয়নে বাকি ৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপি নেতা ও বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রদল নেতা কয়েছ আহমদ, শরিফ আহমদ রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান রানা, আতাউর রহমান কালু ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল বাছিত। এছাড়া ওই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আপনার মন্তব্য