নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

০৫ জানুয়ারি, ২০২২ ০০:৪০

শ্রীমঙ্গলের ৯ টি ইউনিয়নে ভোট আজ

চায়ের রাজ্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নে রাত পোহালেই শুরু হবে ভোট উৎসব৷ পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ১০০টি কেন্দ্রে ৫৩০টি বুথে সকাল আটটা থেকে একযোগে শুরু হবে ভোটগ্রহন৷

নয়টি ইউনিয়নের এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন৷ প্রতিটি ভোটকেন্দ্রে মোতায়েন করা হয়েছে র্যাব,পুলিশ,আনসার ও বিজিবি পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মাঠে নেমেছে ভ্রাম্যমান স্ট্রাইকিং টিম৷
ব্যালট ছাড়া সকল ধরনের নির্বাচনী সরঞ্জাম ইতিমধ্যে কেন্দ্রে নিয়ে গিয়েছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা,কেন্দ্রে ব্যালট পেপার ভোট শুরুর আগে পৌছানো হবে বলে জানিয়েছে নির্বাচন অফিস৷
এদিকে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৯ জন এবং আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারময়ান প্রার্থী ১০ জন সহ মোট ৪৪ জন লড়ছেন৷ নির্বাচনে সাধারন সদস্য পদে ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

৯টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন,যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, নয়টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি৷ নয়টি ইউনিয়নে আটজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি আমার নেতৃত্বে একটি মোবাইল টিম ও একজন রিজার্ভ ম্যাজিস্ট্রেট আমরা রেখেছি৷ পুলিশের পাশাপাশি আমরা ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব ও ৩ প্লাটুন ব্যাটিলিয়ান আনসারও মোতায়েন করেছি৷ নির্বাচন উৎসবমুখর হবে এবং জনগন যেন সুশৃঙ্খলভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি৷

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান,১০০ টি কেন্দ্রের জন্য মোট সাড়ে চারশো পুলিশ নিয়োগ করা হয়েছে৷ পাশাপাশি পুলিশের নয়টি মোবাইল টিম একটি স্ট্রাইকিং টিম ও একটি রিজার্ভ টিম থাকবে৷ নয়টি ইউনিয়নকে আমরা তিনটি সেক্টরে ভাগ করেছি। সেখানে প্রতি ৩টি ইউনিয়নের দায়িত্ব থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশ সুপার৷ ঝুঁকিপূর্ন কেন্দ্রসহ সকল কেন্দ্রেই আমরা পর্যাপ্ত পুলিশ,র্যাব,বিজিবি,আনসার মোতায়েন করছি,একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার সবগুলোই আমরা করেছি৷

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নের ভোটগ্রহণ সকাল আটটা থেকে শুরু হবে,ভোটগ্রহনের আগেই কেন্দ্রে ব্যালট পেপার পৌছাবে৷

আপনার মন্তব্য

আলোচিত