০৫ জানুয়ারি, ২০২২ ১৩:২৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নয়টি ইউনিয়নে শুরু হয়েছে ভোটগ্রহণ। পঞ্চম ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে ১০০টি কেন্দ্রে ৫৩০টি বুথে সকাল আটটা থেকে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল দশটায় কালীঘাট ইউনিয়নের ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ভোটারদের দীর্ঘ সারি৷ নারী-পুরুষ সবাই দলবেঁধে এসেছেন ভোট দিতে৷
চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে সারাদেশের তুলনায় শীত একটু বেশিই পড়ে। মধ্য পৌষে এবারও পুরো এলাকায় জেঁকে বসেছে শীত। তবু সকাল থেকেই ঘন কুয়াশা ও প্রচণ্ড শীত উপেক্ষা করে বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা।
মিতা গোয়ালা নামে এক ভোটারের সাথে কথা হলে তিনি জানান, সকাল-সকাল ভোট দিতে এসেছি৷ আমাদের কাছে ভোট একটা উৎসব আর সেই উৎসবে অংশ নিতে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে আমরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি৷
ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থাকা রফিকুল ইসলাম বলেন, এই কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ছয়শ জন৷ এর মধ্যেই প্রায় ৬০০ ভোট কাস্ট হয়েছে৷
এদিকে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৯ জন এবং আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১০ জনসহ মোট ৪৪ জন লড়ছেন৷ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, নয়টি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি৷ নয়টি ইউনিয়নে আটজন ম্যাজিস্ট্রেট পাশাপাশি আমার নেতৃত্বে একটি মোবাইল টিম ও একজন রিজার্ভ ম্যাজিস্ট্রেট আমরা রেখেছি৷ পুলিশের পাশাপাশি আমরা ৪ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব ও ৩ প্লাটুন ব্যাটিলিয়ান আনসারও মোতায়েন করেছি৷ নির্বাচন উৎসবমুখর হবে এবং জনগণ যেন সুশৃঙ্খলভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সকল ব্যবস্থা আমরা নিয়েছি৷
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার জানান, ১০০টি কেন্দ্রের জন্য মোট সাড়ে চারশো পুলিশ নিয়োগ করা হয়েছে৷ পাশাপাশি পুলিশের নয়টি মোবাইল টিম একটি স্ট্রাইকিং টিম ও একটি রিজার্ভ টিম থাকবে৷ নয়টি ইউনিয়নকে আমরা তিনটি সেক্টরে ভাগ করেছি, সেখানে প্রতি ৩টি ইউনিয়নের দায়িত্ব থাকবেন একজন করে অতিরিক্ত পুলিশসুপার৷ ঝুঁকিপূর্ণ কেন্দ্রসহ সকল কেন্দ্রেই আমরা পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মোতায়েন করছি। একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার সবগুলোই আমরা করেছি৷
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপনজ্যোতি অসীম সিলেটটুডেকে বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোন ধরনের কোন অনিয়মের অভিযোগ আমরা পাইনি, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে৷ মানুষ নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারছে, আশা করছি ভোটগ্রহণের সময় সমাপ্ত হওয়া পর্যন্ত কোন ধরনের অপ্রাতিকর ঘটনা ঘটবে না, এখন পর্যন্ত ভোটগ্রহণের হার সন্তোষজনক৷
আপনার মন্তব্য