তাহিরপুর প্রতিনিধি:

০৬ জানুয়ারি, ২০২২ ২১:৩১

বিএনপি পরিবারের আজাদকে মনোনয়ন না দিতে কেন্দ্রে অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর

আসন্ন ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালিজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ হোসাইন। সেই লক্ষ্যে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিয়েছেন।

কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তিনি তৎকালীন বিএনপি সরকারের গ্রাম সরকারের ছেলে। তার মনোনয়ন চাওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন আজাদ হোসাইন।

আজাদ হোসাইনকে দলীয় মনোনয়ন না দিতে গতকাল ৫ জানুয়ারি বালিজুড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের গ্রাম সরকার আব্দুল হান্নানের ছেলে আজাদ হোসাইন একজন অনুপ্রবেশকারী, হাইব্রিড ও সুযোগ সন্ধানী ব্যক্তি। আজাদের বিরুদ্ধে বালু মহালে অবৈধ ভাবে চাঁদা আদায় করার অভিযোগ ছিল। এই ঘটনায় স্থানীয় সাংসদে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ডিও লেটার পর একবার তিনি গ্রেপ্তার হয়ে জেল কাটেন। দলের স্বার্থে ও ভাবমূর্তি রক্ষায় আওয়ামী লীগের ন্যায় পরায়ন, পরিশ্রমী ও দলের জন্য নিবেদিত একজন যোগ্য নেতাকে ওই ইউনিয়নে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য উপজেলার সর্ব মহলে দাবি ওঠেছে।

বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া বলেন, ‘দলে সুবিধাভোগী, হাইব্রিড অনুপ্রবেশকারী ও চাঁদাবাজির মামলায় হাজত বাসকারী মো. আজাদ হোসাইন দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাকে দলীয় মনোনয়ন না দিতে লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করি দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গুরুত্বের সাথে দেখে দলের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সে বিএনপি পরিবারের সদস্য। দলের স্বার্থে ও দলের সুনাম রক্ষার জন্য সুবিধাবাদী চাদাঁবাজ মো. আজাদ হোসাইনকে মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি করছি।’

অভিযোগের বিষয়ে বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজাদ হোসাইন বলেন, ‘আমার রক্তে আওয়ামী লীগ। ছাত্রলীগের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু। যুবলীগ করেছি একসময়। এখন শ্রমিক লীগের নেতা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। আমার আত্মীয় স্বজন সকলেই আওয়ামী লীগ। বরং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের পরিবারের লোকজইন বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি মনোনয়ন পেতে পারি এটা নিশ্চিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

 

 

আপনার মন্তব্য

আলোচিত