হবিগঞ্জ প্রতিনিধি:

০৯ জানুয়ারি, ২০২২ ০১:৩৫

হবিগঞ্জ পিসিআর ল্যাবের এসি চুরি

কাজ বুঝিয়ে দিতে না দিতেই হবিগঞ্জ হাসপাতালের পিসিআর ল্যাবের এসি চুরি হয়ে গেছে।

গত শুক্রবার রাতের কোনো এক সময় এসি চুরি হয় বলে ধারণা করছেন, ঠিকাদারী প্রতিষ্ঠান জালাল এন্টারপ্রাইজের স্থানীয় প্রতিনিধি মো. আজিজুর রহমান আজিজ।

জানা গেছে, করোনার সংক্রমণ বৃদ্ধি পাওযায় হবিগঞ্জ হাসপাতালের করোনা ওয়ার্ডে পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয় সরকার। বিশ্ব ব্যাংকের সহায়তায় পিসিআর স্থাপনের জন্য অভ্যন্তরীন সংস্কার, বিদ্যুত ও এয়ার কন্ডিশনার বসানোর কাজ শুরু হয় গত বছরের জুন মাসে। কাজ শেষ হয় গত জুলাইয়ে। জালাল এন্টারপ্রাইজ ওই ওয়ার্ডে ৭টি এসি স্থাপন করে।

স্থাপন শেষে গনপূর্ত বিভাগের উপ সহকারি প্রকৌশলী (সিভিল) রিপন দেব, উপ সহকারি প্রকৌশলী (বিদ্যুত) সুমেন বর্ধন গত ২০ অক্টোবর ঠিকাদারকে নিয়ে পরিদর্শন করেন। ল্যাবের পিসিআর মেশিন এখনও স্থাপন করা না হলেও চুরি হয়ে গেছে প্রায় লাখ টাকার মূল্যের এসি।

ঠিকাদারের প্রতিনিধি আজিজ জানান, শুক্রবার দিনে তিনি ওই এসি দেখে এসেছেন।

হবিগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, ওই দিন রাতে নৈশ্য প্রহরীর দায়িত্বে ছিলেন আসাদ মিয়া।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিম উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত করে চোর শনাক্ত করে ব্যবস্থ্যা নেওয়া হবে।

শনিবার রাত সাড়ে ১২টায় এ সংবাদ লেখা পর্যন্ত চুরির বিষয়ে কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত