বড়লেখা প্রতিনিধি:

১০ জানুয়ারি, ২০২২ ১৮:১৫

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে: পরিবেশমন্ত্রী

বড়লেখায় সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের ফকিরেরবাজার ও সিলেটর বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া বরুদল নদীর ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে ফকিরেরবাজার এলাকায় সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন আসছে। তাই সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সরকারকে আর ক্ষমতায় যেতে না দেওয়ার হবে না। আটকাতে হবে। সরকার দেশের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন করতেছে। নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তাই সকলের কাছে আহŸান করছি উন্নয়ন অগ্রযাত্রাকে ধরে রাখতে চাইলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে।’

উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে অনুর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্পের আওতায় বড়লেখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করছে। ২০২২ সালের নভেম্বরের মধ্যে প্রকল্পের কাজটি বাস্তবায়ন করা হবে। ৬৬ মিটার দীর্ঘ এই সেতুর কাজে সরকারের ব্যয় হবে ৬ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন। সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, ডা. হেলাল উদ্দিন, অধ্যক্ষ একে এম হেলাল উদ্দিন, তিলপারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন প্রমুখ।

এরআগে ফকিরবাজার-দাসেরবাজার রাস্তা হতে গোডাউন বাজার রাস্তা ভায়া উত্তর বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তা আরসিসি দ্বারা ৯০০ মিটার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এতে সরকারের ব্যয় হবে ১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ৫৪৬ টাকা।

আপনার মন্তব্য

আলোচিত