২৫ জানুয়ারি, ২০২২ ১৫:১৫
হবিগঞ্জে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে ‘পুলিশের গুলিতে’ চোখ হারানো ছাত্রদল কর্মী মো. ইয়ামিন মিয়াকে জেলা ছাত্রদলের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
সোমবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দলের কার্যনির্বাহী সভায় মো. ইয়ামিন মিয়াকে আজমিরিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রদলে সদস্য থেকে জেলা ছাত্রদলের সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে মো. ইয়ামিন মিয়া বলেন, ‘আজ আমাকে জেলা ছাত্রদলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি খুব খুশি। দলের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘ইয়ামিনের কাছে ছাত্রদল আজীবন ঋণী হয়ে থাকবে। দল সব সময় ত্যাগীদের পাশে, তাই দলের এই সিদ্ধান্ত। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইয়ামিনকে প্রয়োজনে দেশের বাহিরে নিয়ে উন্নত চিকিৎসা করানো সিদ্ধান্ত নিয়েছে।’
গত ২২ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি একটি সমাবেশ আহ্বান করে। ওইদিন পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া একটি রাবার বুলেট ইয়ামিনের চোখে এসে লাগে।
আপনার মন্তব্য