০৬ ডিসেম্বর, ২০১৫ ১৮:১৪
সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যাকান্ডের দেড় বছর পূর্ণ হতে যাচ্ছে ২৭ ডিসেম্বর। এই সময়ের মধ্যে বদলী হয়েছেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা। কিন্তু তদন্ত কার্যক্রমের নামেই পেরিয়ে যাচ্ছে দেড় বছর। এখনও আলোচিত এ মামলার চার্জশীট (অভিযোগপত্র) আদালতে দাখিল করা হয়নি।
এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) কমর উদ্দিনও এ ব্যাপারে বাদি পক্ষকে কোনো কিছু অবহিত করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, মামলা থেকে প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহীর নাম বাদ দেওয়ার পায়তারা স্বরূপ চার্জশীট নিয়ে লোকচুরি করছে পুলিশ। যে কারণে বাদি পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন না মামলার তদন্তকারী কর্মকর্তা।
অবশ্য প্রধান আসামিকে চার্জশীট থেকে বাদ দেওয়ার আশঙ্কায় এ বছরের ৯ আগস্ট পুলিশ কমিশারের কাছে একটি অভিযোগ দিয়েছেন মামলার বাদি আহমেদ আহসান মাহবুব।
তিনি জানান, মামলার তদন্তের অগ্রগতির খোঁজ খবর নিতে তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন না।
মামলার বাদি অভিযোগ করেন, মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা মাহবুব কাদির শাহী চার্জশীট থেকে মুক্তি পাওয়ার বিষয়টি বিভিন্ন জনের কাছে বলে বেড়াচ্ছে। চার্জশীটে শাহীকে বাদ দেওয়া হতে পারে বলে আমরা সন্দিহান।
মামলার তদন্তকারী কর্মকর্তা হলেও এ ব্যাপারে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন কোতোয়ালি থানার এসআই কমর উদ্দিন। তিনি বলেন, ‘ওসি তদন্ত স্যারের বক্তব্যই আমার বক্তব্য।’
তবে ইতোমধ্যে গত ১ ডিসেম্বর এ মামলার চার্জশীট দেওয়া হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাতা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন এমনটি জানালেও আদালতে চার্জশীট শাখায় খোঁজ নিয়ে এর সত্যতা মিলেনি।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুন বিকেলে নগরীর পাঠানটুলায় ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে প্রকাশ্যে রাস্তায় কুপিয়ে হত্যা করে সাবেক ছাত্রদল নেতা শাহী ও তার ক্যাডাররা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান কোতোয়ালি থানার সাবেক এসআই শাহীন উদ্দিন। তবে হত্যাকান্ডের পর পালিয়ে যাওয়ার সময় রক্তমাখা রামদা সহ দুই আসামিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন জনতা। এরপর কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। মামলায় অভিযুক্তরা আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে যায়।
আপনার মন্তব্য