নবীগঞ্জ প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২২ ১৬:৩৫

নবীগঞ্জে ১ বছর পর আলমগীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ ১ বছর পর গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে আলমগীর হত্যা মামরার অন্যতম আসামি রুয়েল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে।

রুয়েল মিয়া উপজেলার নিজ আগনা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

তৎকালীন সময় ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ ওই ঘটনাটি সড়ক দুর্ঘটনা সন্দেহে সুরতহাল তৈরি করে জিডিমূলে লাশ মর্গে প্রেরণ করেন। এক পর্যায়ে নিহত আলমগীর মিয়ার মৃত্যুর ঘটনায় আদালতে মামলা দায়ের করেন নিহতের পরিবার। শুক্রবার ২৮ জানুয়ারি বিকালে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর এলাকায় একটি চা-স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেপ্তার করেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।

তথ্য অনুসারে জানা যায়, গত বছরের ২১ জানুয়ারি ৪৪৩ নং জিডিমূলে মৃতের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। ওই জিডিতে স্থানীয় লোকজনের বরাত দিয়ে সড়ক দুর্ঘটনায় আলমগীর মিয়া মারা গেছেন মর্মে উল্লেখ করেন ফাঁড়ি ইনচার্জ শামছুদ্দিন খাঁন। মৃতের পরিবার এর প্রতিবাদ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। নিহতের স্ত্রী বাদী হয়ে হবিগঞ্জের আদালতে ২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বিচারক এ বিষয়ে নবীগঞ্জ থানায় কোন মামলা, জিডি বা অপমৃত্যু মামলা হয়েছে কি না প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দেন।

আদালতের আদেশে প্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ইনাতগঞ্জ ফাঁড়ি ইনচার্জ শামছুদ্দিন খান জিডি হয়েছে উল্লেখ করে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদন যাওয়ার পর আদালত মামলাটি এফআইআর হিসেবে রুজু করার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দিলে মামলাটি রুজু হয়। মামলার তদন্তভার দেয়া হয় ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে।

সম্প্রতি মৃত আলমগীর মিয়ার ময়না তদন্ত রিপোর্ট আসলে তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আসামি গ্রেপ্তারে মাঠে নামেন। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের মাধবপুর নামকস্থানে একটি চা-স্টল থেকে রুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, আজ সকাল ১১টা ৩০ মিনিটে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত