২৯ জানুয়ারি, ২০২২ ১৭:১১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় ছিন্নমূল ও ভাসমান শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত এগারোটার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা ছিন্নমূল ও ভাসমান মানুষ এবং ট্রেনে ফেরি করে জিনিস বিক্রয় করেন এরকম শতাধিক মানুষের মধ্যে নিজস্ব অর্থায়নে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের সময় ওসির সঙ্গে তার পরিবারের সদস্যদের পাশাপাশি শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সনেট দেব চৌধুরী উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে ষাটোর্ধ সামছু মিয়া বলেন, বাড়িঘর না থাকায় আমরা স্টেশনে ঘুমাই। গত কয়দিন ধরে খুব শীত লাগছে, আজকে রাতে ওসি সাহেব কম্বল দিছেন ওইটা গাঁয়ে দিয়ে ঘুমাবো আজকে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার বলেন, শ্রীমঙ্গলে এবার তীব্র শীত পড়েছে। এই শীতে আপনার আশেপাশে কেউ যেন কষ্ট না পায় তা খেয়াল রাখা উচিত আমাদের সবার। সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, আমরাও সরকারের পাশাপাশি নিজেরাও যদি এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখকে ভাগাভাগি করে নিই তাহলে তাদের কষ্টটা অনেকাংশে দূর করা সম্ভব।
আপনার মন্তব্য