সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৫ ১৩:০৩

ভোররাতে র‍্যাবের হাতে ‘ক্যাডার পাঙ্গাস’ আটক

রবিবার গভীর রাতে (সোমবার) জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে  নিজ বাসা থেকে ঐ এলাকার আলোচিত ক্যাডার বাবুল হোসেনকে ধারালো দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। যিনি পাঙ্গাস নামে ব্যাপক পরিচিত।

আটক বাবুল ওরফে পাঙ্গাস সেচ্ছাসেবলীগের সাথে জড়িত ছিলেন। তাকে সংগঠনটির বিভিন্ন মিছিলে নিয়মিত দেখা যেত। র‌্যাবের মিডিয়া সূত্র সোমবার দুপুর সাড়ে ১২টায় এই খবর নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি যুদ্ধাপরাধী মুজাহিদের ফাঁসির জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত হরতাল বিরোধী মিছিলে কাঁধে কালো ব্যাগ নিয়ে অংশ নিয়েছিলেন বাবুল হোসেন পাঙ্গাস।

মিছিলটি জিন্দাবাজার এলাকায় পৌঁছুলে মিছিলের প্রথম সারিতে অবস্থান করা নিয়ে দুই কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায় পাঙ্গাস কাঁধে ঝুলানো ব্যাগ নামিয়ে অস্ত্র বের করার চেষ্টা চালান। এসময় আতঙ্ক দেখা দেয় মিছিলে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত