০৭ ফেব্রুয়ারি , ২০২২ ২৩:১৩
সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ‘ফেঞ্চুগঞ্জ একটি সম্ভাবনাময়ী এলাকা। এখানে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেগুলোকে কাজে লাগিয়ে উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আমরা উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও উপজেলার সকল নাগরিকবৃন্দ একসাথে মিলে সম্ভাবনার জায়গা থেকে কাজ করে ফেঞ্চুগঞ্জ উপজেলাকে সুন্দর করে তুলবো।’
নিজের মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করে নিজ নিজ এলাকাকে এগিয়ে নিতে হবে।
সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে বক্তারা হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ও ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট নিরসনে, ফেঞ্চুগঞ্জ বাজারের সৃষ্ট ময়লা আবর্জনা ব্যবস্থাপনাসহ বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন।
বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপশি কৃষি ও সবজিতে সমৃদ্ধ উপজেলাকে কৃষি ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়ার প্রকল্প গ্রহণ করা হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাখী আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, নারী ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
মতবিনিময় সভা শেষে ওইদিন দুপুরে উপজেলার দনারাম উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু পাঠাগার ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
আপনার মন্তব্য