০৭ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫৮
সিলেট নগরীর বারুতখানা এলাকায় টাকা ছিনতাইকালে এক পুলিশ সদস্যকে হাতেহাতে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর গণধোলাই দিলে ওই পুলিশ সদস্যকে পুলিশের হাতে তোলে দেয় জনতা। আটককৃত পুলিশ সদস্যের নাম শরীফ রানা। তিনি সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। তার আইডি নম্বর ৪৯৫। দুপুর দেড়টার দিকে বারুতখানা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ও নগরীর ধোপাদিঘির পাড় এলাকার বাসিন্দা তামান্না আক্তার কলি তার ভাইয়ের সাথে সোমবার দুপুর ১২ টার দিকে ২ লাখ টাকা জমা দিতে ডাচ বাংলা ব্যাংকে আসেন। এই ব্যাংক থেকে আরো ৬ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে জিন্দাবাজারস্থ ব্রাক ব্যাংকে জমা করার উদ্দেশ্য রওয়ানা দেন। এসময় বারুতখানাস্থ পয়েন্টে এসে পৌঁছলে একটি মোটর সাইকেল এসে তার গতিরােধ করে।
মোটর সাইকেলে গতিরোধ করে শরীফ রানা নিজেকে ডিবি পুলিশের সদস্য দাবি করে কলির হাতে থাকা টাকাকে হুন্ডির টাকা বলে দাবি করেন। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ের টাকাসহ ব্যাগ ছিনিয়ে নেন শরীফ রানা।
এসময় তার আর্তচিৎকারে কলির ভাই ও অন্যান্যরা এগিয়ে আসলে ছিনতাইকারি বারুতখানার দিকে দৌঁড় দেয়। পালানোর সময় আশেপাশের সিকিউরিটি গার্ড ও জনতা তাকে ধরে ফেলেন। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।
কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের অভিযোগে শরীফ রানা নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তবে ছিনতাইকৃত টাকা শরীফের সাথে থাকা ব্যক্তি নিয়ে গেছে। ছিনতাকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম রহমত উল্লাহ বলেন, পুলিশও আইনের উর্ধে নয়। অপরাধী পুলিশ সদস্য হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য