১০ ফেব্রুয়ারি , ২০২২ ১৭:০৭
লেবুর হালি কত হতে পারে? ১০, ২০, ৫০ কিংবা বড়জোর ১০০ টাকা। এই তো হওয়ার কথা। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এই যে, সিলেটে এখন লেবুর হালি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়! তবে এটি সাধারণ লেবু নয়, বিশেষ জাতের এই লেবুর নাম- জারা।
বিশেষ এই লেবুটি দেশের মধ্যে কেবল সিলেট জেলাতেই চাষ হয়। আর হয় সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম ও মেঘালয়ে।
সিলেটে ব্যাপক জনপ্রিয় এই ফল রপ্তানিও হয়। ফলে বছরজুড়েই এর চাহিদা থাকে। দামও থাকে আকাশছোঁয়া।
আকারেও বিশাল এই লেবুর একেকটা বড় পেঁপের মতো হয়। ফলে একেকটির ওজন এক থেকে দুই কেজিও ছাড়িয়ে যায়।
রোববার সিলেট নগরের বন্দরবাজার এলাকায় গিয়ে দেখা যায়, প্রতি হালি জারা লেবু ৩ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর একটি করে কিনলে দাম পড়ছে ৮০০ টাকা।
জারা লেবুর সবচেয়ে বেশি চাষ হয় সিলেটের জৈন্তাপুর উপজেলায়। সম্প্রতি এই উপজেলার হরিপুর বাজারে গিয়েও দেখা যায়, প্রতি হালি লেবু ৩ হাজার টাকা দাম হাঁকাচ্ছেন বিক্রেতা।
লেবুর হালি ৩ হাজার টাকা
জারা কী
জারা একটি সাইট্রাস গোত্রের লেবু জাতীয় ফল। এর বৈজ্ঞানিক নাম sytrus medica. আর্দ্র ও অম্লীয় মাটি এবং উঁচু পাহাড়ি অঞ্চলে ফলে এই লেবু। এটি চাষে প্রচুর বৃষ্টিপাতেরও প্রয়োজন হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে সিলেটের জৈন্তাপুরে রয়েছে সাইট্রাস গবেষণা কেন্দ্র। দীর্ঘদিন ধরে জারা নিয়ে গবেষণা চলছে এই কেন্দ্রে। উদ্ভাবন করা হয়েছে নতুন জাতও।
এই গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বোরহান উদ্দিন ভূইয়া বলেন, ‘জারা লেবু সাইট্রাস গোত্রের মধ্যে ইউনিক ফল। এর সঙ্গে অন্য কোনো জাত মিলবে না। সাইট্রাস গোত্রের আদি তিনটি ফলের মধ্যে রয়েছে কমলা, বাতাবি লেবু ও জারা লেবু। এগুলোর মধ্যে সংমশ্রিণ হয়ে এবং প্রাকৃতিক উপায়ে হাইব্রিড হয়ে পরে আরও অনেক জাতের সৃষ্টি হয়েছে।’
স্বাদ ও গন্ধে জারা লেবু ‘ইউনিক’ উল্লেখ করে বোরহান উদ্দিন জানান, এর উৎপত্তি সিলেটের আরও উপরে, আসাম ও মেঘালয়ের পাহাড়ে। জারার অনেকগুলো ধরন রয়েছে। এর মধ্যে গোল জারা, গুটি জারা ও পানি জারা সবচেয়ে প্রসিদ্ধ। সিলেট অঞ্চলে মূলত গুটি ও পানি জারা চাষ হয় বলে জানান তিনি।
বোরহান উদ্দিন ভূইয়া বলেন, ‘আমরা ২০১৯ সালে বারি-১ নামে জারার একটি নতুন জাত উদ্ভাবন করে উন্মুক্ত করেছি। এখন আরও কয়েকটি জাত নিয়ে কাজ করছি।’
সিলেটের মাটিকে জারা চাষের উপযুক্ত জানিয়ে তিনি বলেন, ‘জারা চাষের জন্য টিলাভূমির অম্লীয় মাটি প্রয়োজন। যেখানে প্রচুর বৃষ্টি হবে। কিন্তু পানি জমে থাকবে না। দ্রুত নিষ্কাষণ হবে। এ কারণে সিলেট এই ফল চাষের উপযুক্ত।’
কীভাবে খাওয়া হয়
সাধারণত লেবুর রসটুকুই গ্রহণ করে মানুষ। তবে জারা লেবুর খোসা আর চামড়াও খাওয়া যায়। এই লেবুর চামড়া ও খোসা বেশ পুরু। আর রসের পরিমাণ খুবই কম। এ ক্ষেত্রে সালাদ হিসাবে জারা লেবুর কদর সবচেয়ে বেশি। এটি দিয়ে আচারও তৈরি হয়।
এ বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ‘জারা লেবুর খোসা ও চামড়ায় একটি বিশেষ ধরনের মিষ্টি স্বাদ রয়েছে। এর গন্ধও আলাদা। স্বাদ ও গন্ধের কারণেই এটি ভোজনরসিকদের প্রিয়।’
তিনি জানান, সাইট্রাস গোত্রের ফলের মধ্যে শুধু জারার চামড়াই রান্না করে কিংবা রান্না ছাড়াই খাওয়া যায়।
সিলেটের রন্ধনশিল্পী সেলিনা চৌধুরী বলেন, ‘জারা লেবুর রসের স্বাদ টক আর খোসা মিষ্টি। এর রস বিভিন্ন খাবারের সঙ্গে খাওয়া হয়। আর খোসা ও চামড়া সালাদের পাশাপাশি তরকারি বিশেষ করে মাছের সঙ্গে রান্না করে খাওয়া হয়। খোসা দিয়ে হয় আচারও।’
তবে মাংসের সঙ্গে জারার খোসা রান্না করা যায় না জানিয়ে সেলিনা বলেন, ‘এতে মাংসের স্বাদ তেতো হয়ে যায়।’
কোথায় চাষ
সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার টিলাভূমিতে জারা লেবুর চাষ হয়। তবে সবচেয়ে বেশি চাষ হয় জৈন্তাপুর উপজেলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট কার্যালয় সূত্র জানিয়েছে, জেলায় জারা লেবুর প্রায় ১৫০টি বাগান রয়েছে। এর মধ্যে জৈন্তাপুর উপজেলায়ই রয়েছে প্রায় ৬০টি। তবে বছরে কী পরিমাণ জারা উৎপাদন হয় তার সুনির্দিষ্ট তথ্য নেই কৃষি অফিসের কাছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. সালাউদ্দিন বলেন, ‘এই লেবু চাষ খুবই লাভজনক। কারণ এর ক্রেতা মূলত প্রবাসী বাংলাদেশিরা। সিলেটের প্রচুর মানুষ ইউরোপ আমেরিকায় থাকেন। তারাই এই লেবুগুলো কিনেন। ফলে এগুলো অনেক উচ্চ দামে বিক্রি হয়। সিলেট ছাড়াও দেশের অন্যান্য স্থানেও এই লেবুর চাহিদা বাড়ছে। ফলে জারা চাষ করে সহজেই লাভবান হওয়া সম্ভব।’
তিনি জানান, সঠিকভাবে পরিচর্যা করলে চারা রোপনের এক থেকে দেড় বছরের মধ্যে জারার ফল ধরে। একটি গাছ থেকে অনেক বছর ফলন পাওয়া যায়।
এখন সিলেটের বাইরে অনেকে ছাদবাগানেও জারা চাষ করছেন বলেও জানান তিনি।
জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাগেরখাল গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমি ৫০ শতক ভূমিতে লেবু চাষ করি। সাধারণত বর্ষকালে এর ফলন হয়।’
আগে কেবল নিজেরা খাওয়ার জন্য চাষ করতেন জানিয়ে সাইফুল বলেন, ‘এখন বাণিজ্যিকভাবে চাষ করছি। গত বছরও প্রায় লাখ টাকার জারা বিক্রি করেছি। বাজারেও নিয়ে যেতে হয়নি। বাগান থেকে ব্যবসায়ীরা এসে নিয়ে গেছেন।’
এই এলাকার আরেক লেবু চাষী খাইয়রুল ইসলাম বলেন, ‘পরিণত একেকটি গাছে সহস্রাধিক লেবু ধরে। তবে বৃষ্টি ভালো না হলে ফলন কমে যায়। লেবুতে নানা পোকাও আক্রমণ করে।’
লেবুর হালি ৩ হাজার টাকা
এতো দাম কেন
সম্প্রতি জৈন্তাপুরের হরিপুর বাজারে গিয়ে দেখা যায়, বাহার উদ্দিন নামে এক বিক্রেতা গোটা বিশেক জারা লেবু নিয়ে বসেছেন। এর মধ্যে বড় আকারের প্রতি হালি জারার দাম তিনি ৩ হাজার টাকা করে চাইছেন।
লেবুর এমন দামের বিষয়ে জানতে চাইলে বাহার বলেন, ‘এখন তো লেবুর সিজন না। এটি বর্ষাকালে ভালো পাওয়া যায়। এখন নানা জায়গা থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হয়। ফলে দামও বেশি।’
সিলেট নগরের মধ্যে কেবল বন্দরবাজারে গিয়ে জারা লেবু বিক্রি হতে দেখা গেছে। এখানে আকৃতিভেদে দামের তারতম্য রয়েছে। বড় আকারের লেবু প্রতিটি ৮০০ টাকা ও ছোট আকারেরগুলো প্রতিটি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এই বাজারের লেবু বিক্রেতা জাহাঙ্গির আলম বলেন, ‘বর্ষা মৌসুমে এসব লেবুর হালি ৬০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়। কিন্তু এখন লেবুর মৌসুম না হওয়ায় এগুলোর দাম বেশি।’
তিনি জানান, জৈন্তাপুরের বিভিন্ন বাগান থেকে বন্দরবাজারে লেবু আসে। বাগান থেকে পাইকারি ব্যবসায়ীরা আগে কিনেন। পরে তাদের হাত ঘুরে বন্দরবাজারের খুচরা বিক্রেতাদের কাছে আসে এই লেবু।
দাম বেশি হওয়ার আরেকটি কারণ জানালেন রোববার ওই বাজারে জারা লেবু কিনতে আসা ফয়সল আহমদ। তিনি বলেন, ‘এই লেবুগুলোর ক্রেতা সাধারণত প্রবাসীরা। তাদের আত্মীস্বজন এগুলো কিনে বিদেশে পাঠায়। প্রবাসীরা মূল ক্রেতা হওয়ায় ব্যবসায়ীরা অহেতুক অনেক বাড়িয়ে দিয়েছেন। এ কারণে আমরা এগুলো কিনতে পারছি না।’
রপ্তানি হয় না ১৫ বছর
এক সময় জারা লেবুসহ সাইট্রাস গোত্রের বিভিন্ন ফল সিলেট থেকে রপ্তানি হতো ইউরোপ ও আমেরিকায়। তবে ১৫ বছর ধরে রপ্তানি বন্ধ। ক্যাংকারস ভাইরাস সংক্রমণের কারণে ২০০৭ সালে সাইট্রাস গোত্রের ফল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সংস্থা। এখনও এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি।
জালালাবাদ ভেজিটেবল অ্যান্ড ফ্রোজেন ফিশ এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি হিলকিল গুলজার জানান, ইউরোপ ও আমেরিকায় জারা লেবু, সাতকরাসহ সাইট্রাস গোত্রের ফলের বড় বাজার রয়েছে। দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকায় এই বাজার এখন হারিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময় সাইট্রাস ক্যাংকারস জটিলতা দূর করে সিলেটে সরকারি উদ্যোগে সবজি ও ফল রপ্তানি অঞ্চল স্থাপনের দাবি জানিয়ে আসছি। কৃষকদের প্রশিক্ষণের কথা বলছি। কিন্তু কোনো সুফল মিলছে না।’
সাইট্রাস গোত্রের ফল ক্যাংকারসমুক্ত করা গেলে বছরে কয়েকশ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে জানান এই রপ্তানিকারক। এও জানান, রপ্তানি না হলেও এখন অনেকে ব্যক্তি উদ্যোগে প্রবাসী আত্মীয়স্বজনের কাছে লেবু ও সাতকরা পাঠান।
ক্যাংকারস ভাইরাস প্রসঙ্গে বৈজ্ঞানিক কর্মকর্তা বোরহান উদ্দিন ভূইয়া বলেন, ‘বাগান বেশি পুরনো হয়ে যাওয়া, অপরিকল্পিতভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় না রেখে গাছ লাগানো, নিয়ম মেনে ওষুধ ব্যবহার না করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই এই ভাইরাসের বিস্তার ঘটে।’
তিনি আরও বলেন, ‘বাগান ক্যাংকারসমুক্ত রাখতে আমরা চাষিদের প্রশিক্ষণ দিয়েছি। এর ফলে সিলেট অঞ্চলের বেরিভাগ বাগানই এখন ক্যাংকারসমুক্ত।’
আপনার মন্তব্য